
দীর্ঘ দুই বছর পর ফুটবলের সবুজ আঙিনায় লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মুখোমুখি লড়াই । এই ম্যাচকে কেন্দ্র করে আগে থেকেই উত্তাপ ছড়াচ্ছিল । প্রথম মিনিট থেকে শুরু হয় টান টান উত্তেজনার এক লড়াই। শুরুতেই জালের দেখা পেলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা মেসি। আবার সময় মতো জবাব দিয়ে ম্যাচের সমতা ফেরান রোনালদো।
৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে অবশেষে হারের স্বাদ পেল রোনালদোরা। সৌদি আরবের দুই ক্লাব আল নাস্র ও আল হিলালের খেলোয়াড়দের নিয়ে গড়া দল রিয়াদ অল স্টার্স একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচে বৃহস্পতিবার ৫-৪ গোলে জিতেছে পিএসজি। রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনেকটা সময় ১০ জন নিয়ে খেলেছে প্যারিসের দলটি।
পিএসজির হয়ে একটি করে গোল করেন মেসি, কিলিয়ান এমবাপে, সের্হিও রামোস, মার্কিনিয়োস ও উগো একিতিকে। পেনাল্টি মিস করে স্কোরশিটে নাম তোলার সুযোগ হারান নেইমার।
২৫তম মিনিটে মেসির দারুণ পাস ধরে বল জালে পাঠান কিলিয়ান এমবাপে, তবে অফসাইডের কারণে গোল মেলেনি। পরের মিনিটে মেসির শট উড়ে যায় বাইরে দিয়ে।
৩৪তম মিনিটে সফল স্পট-কিকে দলকে সমতায় ফেরান রোনালদো। পেনাল্টি আদায় করে নেন তিনি নিজেই। সতীর্থের ফ্রি-কিকে বক্সে হেডের জন্য লাফিয়ে ওঠেন রোনালদো, এগিয়ে এসে পাঞ্চ করার চেষ্টায় সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থের মুখে আঘাত করেন নাভাস। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
৩৯তম মিনিটে বড় ধাক্কা খায় পিএসজি। মাঝমাঠের কাছে অল স্টার্সের মিডফিল্ডার সেলিম আল-দাওসারিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন স্প্যানিশ ডিফেন্ডার বের্নাত।
সেই ধাক্কা সামলে তিন মিনিট পর লিড পুনরুদ্ধার করে ফরাসি চ্যাম্পিয়নরা। বাঁ দিক থেকে এমবাপের ক্রস ছয় গজ বক্সে পেয়ে দারুণ ফ্লিকে জালে পাঠান মার্কিনিয়োস। পরের মিনিটে ওয়ান-অন-ওয়ানে এমবাপের প্রচেষ্টা ঠেকান গোলরক্ষক।
একটু পর পেনাল্টি থেকে ব্যবধান বাড়াতে ব্যর্থ হন নেইমার। তার দুর্বল শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। বক্সের ভেতর ব্রাজিলিয়ান তারকা নিজেই ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলে আবার সমতা টানেন রোনালদো। শুরুতে তার হেড পোস্টে লেগে ফেরে, বল ক্লিয়ার করার সুযোগ পেয়েও পারেনি পিএসজি, ছয় গজ বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা।
৯ গোলের রোমাঞ্চর ম্যাচে রোনালদোদের হার
মন্তব্য করুন