বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তি, প্রকৌশল ও গবেষণাক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে ডেট্রয়েটে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের (আবিয়া) তিন দিনব্যাপী দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় দিনের কীনোট অনুষ্ঠানে দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক ও পেশাগত যোগাযোগ আরও জোরদারে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
ডেট্রয়েট ডাউনটাউনের হান্টিংটন সেন্টারে আয়োজিত সম্মেলনে উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশি বংশোদ্ভূত প্রকৌশলী, স্থপতি, শিক্ষক, গবেষক ও কমিউনিটির প্রতিনিধিরা যোগ দেন। শনিবার রাতে অনুষ্ঠিত কীনোট পর্বে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য ও অবদানের স্বীকৃতি হিসেবে এ সময় আটজনকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, নিজ নিজ ক্ষেত্রে দক্ষতার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে ভূমিকা রাখার পাশাপাশি বাংলাদেশের সক্ষমতা ও ইতিবাচক ভাবমূর্তিও তুলে ধরছেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান এবং পেশাজীবীদের মধ্যে সহযোগিতার সুযোগ আরও বিস্তৃত করতে প্রবাসীদের জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন। প্রযুক্তি, প্রকৌশল ও গবেষণার পাশাপাশি প্রতিষ্ঠান পর্যায়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
আবিয়ার সেক্রেটারি সাদেক রহমান এবং মিশিগান চ্যাপ্টারের নেতারা জানান, এবারের সম্মেলনে সাত শতাধিক প্রকৌশলী ও স্থপতি অংশ নেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, এ আয়োজন পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্ঞান, প্রযুক্তি এবং গবেষণা সহযোগিতার নতুন সুযোগ তৈরির ক্ষেত্রও তৈরি করেছে।

কীনোট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিশিগানের ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ডেবি ডিঙ্গেল, মিশিগান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মেগান কে কাভানা, জেনারেল মোটরসের ভেহিকল অটোনমির ভাইস প্রেসিডেন্ট রাশেদ হক এবং ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুর রহমান।
নৈশভোজের পর সাংস্কৃতিক আয়োজনে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকে আসা সামিনা চৌধুরী, দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল সংগীত পরিবেশন করেন। শুক্রবার শুরু হওয়া সম্মেলনের শেষ দিন রবিবার ডেট্রয়েট প্রিন্সেস রিভারবোটে সানসেট ক্রুজ, নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে তিন দিনের এ সম্মেলনের সমাপ্তি হয়।
মন্তব্য করুন