মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পরও অভিবাসন প্রশ্নে কঠোর অবস্থান থেকে সরছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার প্রশাসনের গণনির্বাসন (মাস ডিপোর্টেশন) কার্যক্রম আরও এগিয়ে নেবেন বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প বলেছেন, “আমরা কোনো সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি) বা এ ধরনের কিছু দিচ্ছি না। সবাইকে সঠিক নিয়ম মেনেই কাজ করতে হবে। তাদের তা করতেই হবে; না হলে অন্য মানুষদের প্রতি অবিচার হবে।” যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছেন, গত সপ্তাহের নির্বাচনের পর ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিকে (ডিএইচএস) গ্রেপ্তার বা নির্বাসন কমানোর কোনো নির্দেশ দেওয়া হয়নি।
সংস্থার সূত্র অনুযায়ী, আইসিই কর্মকর্তাদের প্রতি সপ্তাহে প্রায় ১৯ হাজার জনকে, অর্থাৎ প্রতিদিন প্রায় ২ হাজার ৭০০ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। আগে এই লক্ষ্য ছিল প্রতিদিন ২ হাজার জন। জানা গেছে, বাড়তি এই লক্ষ্য নির্বাচনের আগেই ঠিক করা হয়েছিল। কর্মকর্তারা মিলারের পদোন্নতিকে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন যে ট্রাম্প অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগের পথেই থাকতে চান। রিপাবলিকানদের পরাজয়ের পর ট্রাম্প অবস্থান বদলাবেন কি না, এমন প্রশ্নে একজন কর্মকর্তা সিবিএসকে বলেন, “বরং উল্টোটাই ঘটবে বলে ধরে নিতে পারেন।” বিশেষ করে হোয়াইট হাউসের কর্মীদের দায়িত্বে মিলার থাকায় এমনটা ভাবছেন তাঁরা।
হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এই ধারণা নাকচ করেছেন যে ট্রাম্প অপরাধে জড়িত অনিবন্ধিত অভিবাসীদের অপসারণের উদ্যোগ থেকে সরে আসবেন। সিবিএসকে তিনি বলেন, “আমাদের সমাজে আতঙ্ক সৃষ্টিকারী অপরাধী অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও নির্বাসনের প্রচেষ্টা এই প্রশাসন কোনোভাবেই কমাবে না। অভিবাসন আইন প্রয়োগে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে শক্তিশালী কোনো প্রেসিডেন্ট অতীতে ছিলেন না।” বিস সীমান্ত নিরাপত্তায় ট্রাম্পের সাফল্যের কথাও তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, আর ট্রাম্পের সময়ে তা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
প্রশাসনের কর্মকর্তাদের মতে, নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় এবং ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে ভোটারদের উদ্বেগ। তাঁদের দাবি, এর পেছনে ট্রাম্পের অভিবাসন নীতি বড় কারণ ছিল না। তবে সিবিএসের বুথফেরত জরিপে দেখা গেছে, দেশজুড়ে ৫৮ শতাংশ ভোটার মনে করেন প্রশাসনের নির্বাসন অভিযান “সীমা ছাড়িয়ে গেছে।” টেক্সাসের লাতিনো ভোটারদের কাছেও অভিবাসন ছিল প্রধান ইস্যু। সেখানে ডেমোক্র্যাটরা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। নির্বাচনের পর ট্রাম্প নিজেও এ বিষয়ে কিছুটা ভিন্ন সুরে কথা বলেছিলেন। সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি বলেন, তাঁর নির্বাসন অভিযান হয়তো “বেশি কঠোর” হয়ে গেছে এবং ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন। পরে ৯ নভেম্বর হোয়াইট হাউসে তিনি অ্যামনেস্টির সম্ভাবনা নাকচ করে দেন।
ট্রাম্পের দীর্ঘদিনের অনুগত এবং তাঁর অভিবাসন এজেন্ডার রূপকার মিলার। ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে তাঁর প্রভাব আরও বেড়েছে। আশ্রয়ের শর্ত কঠোর করা, শরণার্থী গ্রহণ কমানো, গ্রিনকার্ড পাওয়ার সুযোগ সীমিত করা এবং সারা দেশে আইসিইর কার্যক্রম বাড়ানো তাঁর নীতির অংশ। এসব কঠোর পদক্ষেপ নিয়ে সমালোচনা রয়েছে। জানুয়ারিতে মিনিয়াপোলিসে এক অভিযানের সময় ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার পর সেই সমালোচনা আরও জোরালো হয়।
এদিকে কংগ্রেসে আসন্ন সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে ট্রাম্পের অভিবাসন নীতি চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা। ডিএইচএসের সাবেক অভিবাসন কর্মকর্তা থেরেসা কার্ডিনাল ব্রাউন সিবিএসকে বলেছেন, ডেমোক্র্যাটরা এ বিষয়ে তদন্ত শুরু করতে পারে, সমন জারি করতে পারে এবং আইসিইর তহবিল সীমিত করার চেষ্টা করতে পারে। তবে ট্রাম্প চাইলে এসব উদ্যোগে ভেটো দিতে পারেন। তা ছাড়া গত বছর পাস হওয়া ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ আইনের আওতায় ২০২৯ সাল পর্যন্ত আইসিইর জন্য ৭৫ বিলিয়ন ডলারের তহবিল আগেই নিশ্চিত করা আছে।
মন্তব্য করুন