যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গোপনীয় নেটওয়ার্ক এনএসএ নেট অচল হয়ে পড়েছে। এ বিষয়ে অবগত ছয়টি সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে এনএসএর কর্মীরা নিজেদের মধ্যে গোপন ও শ্রেণিবদ্ধ তথ্য আদান প্রদান করেন। তবে এখন পর্যন্ত এ বিপর্যয়ের পেছনে কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি।
নেটওয়ার্কটি কেন অচল হয়েছে এবং এর প্রভাব কতটা বিস্তৃত, তা খতিয়ে দেখছে সংস্থাটি। পরিস্থিতি সামাল দিতে কর্মীদের কর্মস্থলে প্রবেশের সময়ও পর্যায়ক্রমে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। তবে নেটওয়ার্ক অচল থাকলেও এশিয়া সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পৌঁছাতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক দুই কর্মকর্তা।
তাঁদের মতে, প্রেসিডেন্টের সঙ্গে নিরাপদ যোগাযোগ বজায় রাখতে মার্কিন সরকারের একাধিক বিকল্প ব্যবস্থা ও ব্যাকআপ নেটওয়ার্ক রয়েছে। ফলে প্রয়োজনীয় গোপনীয় তথ্য আদান-প্রদান অব্যাহত রাখা সম্ভব বর্তমানে ফিলিপাইনে অবস্থান করছেন ট্রাম্প। আগামীকাল বুধবার তাঁর চীন যাওয়ার কথা রয়েছে। সেখানে চীনা নেতা সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তাঁর।
এদিকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা যোগাযোগব্যবস্থায় এ বিপর্যয় এমন সময়ে ঘটল, যখন দেশটির বিভিন্ন বিমান সংস্থা ও বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানও একের পর এক প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক ঘণ্টার জন্য ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, আরকানসাস অঙ্গরাজ্যের একটি রাউটারের ত্রুটি থেকে এ সমস্যার সূত্রপাত হয়।।অন্যদিকে, গত সপ্তাহে মাইক্রোসফটের বিভিন্ন পণ্যেও বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় দেখা দেয়। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা আউটলুক ই-মেইল ও টিমস মিটিং সেবা ব্যবহার করতে পারেননি।
এনএসএ, এফএএ ও মাইক্রোসফটের এসব বিপর্যয়ের পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ধারাবাহিক এসব ঘটনা দেখিয়ে দিয়েছে, প্রযুক্তিগত ব্যবস্থার সামান্য ত্রুটিও কীভাবে গুরুত্বপূর্ণ সেবা, আর্থিক বাজার এমনকি একটি দেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
মন্তব্য করুন