যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে প্রবেশ করে আশ্রয় চাওয়া অভিবাসীদের বাধা দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত এবার পর্যালোচনা করবে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। গত ১৩ নভেম্বর আদালত এ-সংক্রান্ত একটি মামলা শুনতে সম্মত হয়েছে। এর ফলে আশ্রয়প্রার্থীদের অধিকার ও ট্রাম্প প্রশাসনের কঠোর সীমান্তনীতি নিয়ে নতুন করে আইনি লড়াই শুরু হচ্ছে।
২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই দক্ষিণ সীমান্ত দিয়ে আসা নির্দিষ্ট কিছু অভিবাসীর প্রবেশ বন্ধে ঘোষণা জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশাসনের দাবি, সীমান্তে অস্বাভাবিক চাপ ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় এ পদক্ষেপ প্রয়োজন। তবে এর ফলে নিজ দেশে নির্যাতন, প্রাণনাশের হুমকি কিংবা রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইতে আসা নির্দিষ্ট কিছু মানুষ সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে কয়েকটি অভিবাসী অধিকার সংগঠন। তাদের অভিযোগ, এই ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রচলিত অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক। কারণ, নিজ দেশে নির্যাতন বা নিপীড়নের আশঙ্কায় পালিয়ে আসা ব্যক্তিদের আশ্রয়ের আবেদন জানানোর সুযোগ দেওয়ার বিধান রয়েছে দেশটির আইনে।
মামলাটি প্রথমে নিম্ন আদালতে গড়ায়। সেখানে বিচারকরা ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করেন। পরে আপিল আদালতও সেই রায় বহাল রাখে। এরপর প্রশাসন নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়। সুপ্রিম কোর্ট এবার মূলত পর্যালোচনা করবে, প্রেসিডেন্টের জারি করা ঘোষণা এবং এর ভিত্তিতে নেওয়া পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী বৈধ কি না। একই সঙ্গে নিম্ন আদালত দেশজুড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য যে সুরক্ষা দিয়েছিল, তা দেওয়ার আইনগত ক্ষমতা রাখে কি না, সেটিও বিবেচনা করা হবে।
মামলাটির শুনানি ২০২৭ সালের বসন্তে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জুন মাসের শেষ নাগাদ আদালতের চূড়ান্ত রায় আসতে পারে। তবে সুপ্রিম কোর্টের শুনতে সম্মত হওয়া মানেই ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে বৈধতা দেওয়া নয়।
চূড়ান্ত রায় না আসা পর্যন্ত আশ্রয়প্রার্থীদের প্রবেশে বাধা দেওয়ার নীতি কার্যকর থাকছে। ফলে নিজ দেশে নির্যাতন ও নিরাপত্তাঝুঁকি থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রত্যাশীদের অনিশ্চয়তা এখনো কাটছে না। সুপ্রিম কোর্টের এই রায় দেশটির ভবিষ্যৎ সীমান্তনীতি এবং আশ্রয়প্রার্থীদের আইনি অধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্তব্য করুন