যুক্তরাষ্ট্রে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা কর্মসূচি সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (স্ন্যাপ) আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন প্রস্তাব কার্যকর হলে দেশটির প্রায় ৬৩ লাখ মানুষ এ কর্মসূচির সুবিধা হারাতে পারেন। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) নিজস্ব বিশ্লেষণে এ আশঙ্কার কথা জানিয়েছে।
মঙ্গলবার ১০ নভেম্বর ইউএসডিএ প্রস্তাবিত নতুন নিয়ম প্রকাশ করে। এতে স্ন্যাপ কর্মসূচিতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে রাজ্যগুলোর বিদ্যমান কিছু বিশেষ সুযোগ সীমিত করার কথা বলা হয়েছে। প্রস্তাবটি কার্যকর হলে প্রায় ৩২ লাখ পরিবারের খাদ্য সহায়তা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এ সংখ্যা বর্তমানে স্ন্যাপ সুবিধা গ্রহণকারীদের প্রায় ১৭ দশমিক ৬ শতাংশ।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ব্রড-বেইজড ক্যাটাগরিক্যাল এলিজিবিলিটি (বিবিসিই) নীতির আওতায় কিছু পরিবার স্বয়ংক্রিয়ভাবে স্ন্যাপের জন্য যোগ্যতা অর্জন করতে পারে। এ ব্যবস্থায় টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স ফর নিডি ফ্যামিলিজ (টিএএনএফ) কর্মসূচির আওতায় সহায়তা পাওয়া পরিবারগুলোকে স্ন্যাপের নির্ধারিত আয়সীমা পূরণের বিষয়টি আলাদাভাবে প্রমাণ করতে হয় না। টিএএনএফ কর্মসূচিতে নগদ অর্থের পাশাপাশি শিশু পরিচর্যা, কর্মসংস্থান প্রশিক্ষণ ও অন্যান্য সেবা দেওয়া হয়।
নতুন প্রস্তাবে এই সুযোগ সীমিত করে মূলত টিএএনএফের নির্দিষ্ট ধরনের সরাসরি আর্থিক সহায়তা পাওয়া পরিবারগুলোর মধ্যে স্ন্যাপের যোগ্যতা সীমাবদ্ধ করার কথা বলা হয়েছে। ইউএসডিএর দাবি, বর্তমান ব্যবস্থায় নির্ধারিত আয় ও সম্পদের সীমার বাইরে থাকা কিছু পরিবারও খাদ্য সহায়তা পাচ্ছে। নতুন নিয়মের মাধ্যমে যোগ্যতা আরও সুনির্দিষ্ট করার পাশাপাশি সরকারি ব্যয় কমানো সম্ভব হবে।
প্রস্তাবিত পরিবর্তনের প্রভাব শুধু স্ন্যাপ কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না। ইউএসডিএর হিসাব অনুযায়ী, প্রায় ১৭ লাখ ৮০ হাজার শিশু স্কুলে বিনা মূল্যে খাবার পাওয়ার স্বয়ংক্রিয় যোগ্যতা হারাতে পারে। তবে এসব শিশুর প্রায় ৯৭ শতাংশ পারিবারিক আয়ের ভিত্তিতে আলাদাভাবে আবেদন করে বিনা মূল্যে অথবা কম দামে খাবার পাওয়ার যোগ্য থাকতে পারে। এ ছাড়া প্রায় ৪২ হাজার শিশু সামার ইলেকট্রনিক বেনিফিট ট্রান্সফার (সামার ইবিটি) কর্মসূচির সুবিধা হারাতে পারে। নারী, শিশু ও নবজাতকদের জন্য পরিচালিত উইমেন, ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন (ডব্লিউআইসি) কর্মসূচির প্রায় ৫ হাজার ৫০০ জন সুবিধাভোগীও যোগ্যতা হারাতে পারেন বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ।
বিভাগটির হিসাব অনুযায়ী, নতুন প্রস্তাব কার্যকর হলে আগামী পাঁচ বছরে ফেডারেল সরকারের স্ন্যাপ খাতে ব্যয় প্রায় ৪৪ দশমিক ৬৫ বিলিয়ন ডলার কমতে পারে। তবে এ পরিবর্তনের ফলে রাজ্যগুলোর প্রশাসনিক ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। প্রস্তাবটির সমালোচনা করেছেন কংগ্রেসের কৃষিবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাঞ্জি ক্রেইগ। তাঁর মতে, নতুন নিয়মের কারণে নিম্ন আয়ের পরিবার, প্রবীণ ও শিশুদের খাদ্য নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে।
উল্লেখ্য, ২০২৫ সালের জুলাইয়ে ট্রাম্পের স্বাক্ষরিত ব্যয় ও করসংক্রান্ত আইনের পর থেকেই স্ন্যাপ কর্মসূচিতে সুবিধাভোগীর সংখ্যা কমেছে। বিভিন্ন হিসাব অনুযায়ী, ওই সময়ের পর থেকে প্রায় ৫৫ লাখ মানুষ এ কর্মসূচির সুবিধা হারিয়েছেন। তবে ইউএসডিএর নতুন প্রস্তাব এখনো চূড়ান্ত নিয়মে পরিণত হয়নি। এ বিষয়ে জনসাধারণের মতামত দেওয়ার শেষ সময় ১০ ডিসেম্বর। মতামত পর্যালোচনার পর প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
মন্তব্য করুন