বাংলা সংবাদ ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

ইরানে হামলা, মাদক বহনের সন্দেহে ট্রলারে হামলা এবং অন্যান্য মার্কিন আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে কংগ্রেসে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছেন করেছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান–দলীয় সদস্য টমাস ম্যাসি। গতকাল সোমবার প্রতিনিধি পরিষদে প্রস্তাবটির মূল বিষয় পড়ে শোনানোর সময় কেন্টাকির এই বিদায়ী আইনপ্রণেতা হেগসেথের বিরুদ্ধে বেআইনি আদেশ বাস্তবায়ন করা এবং সংবিধানের জন্য হুমকি সৃষ্টির অভিযোগ তোলেন।

 

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পর প্রতিনিধি পরিষদের প্রথম অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ম্যাসি এই অভিশংসন প্রস্তাবগুলো উত্থাপন করলেন। উভয় কক্ষে বিপুল বিজয়ের পর ডেমোক্রেটিক পার্টির নেতারা কংগ্রেসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। গত সেপ্টেম্বরে প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যে আটটি ধারায় অভিশংসন প্রস্তাব তুলেছিলেন, ম্যাসি তা আবারও উত্থাপন করলেন। সে সময় রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসে স্পিকার মাইক জনসন আইনপ্রণেতাদের আগেভাগে ছুটি দিয়ে অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটি এড়িয়ে গিয়েছিলেন।

 

গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে টমাস ম্যাসি বলেন, হেগসেথকে পদচ্যুত করতে চান, এমন যেকোনো আইনপ্রণেতার ভোটকে তিনি স্বাগত জানাবেন। এমনকি তাঁরা যদি তাঁর অভিশংসন প্রস্তাবের বিস্তারিত না–ও পড়ে থাকেন। ম্যাসি বলেন, ‘আমি বুঝি, তাঁদের মধ্যে কয়েকজন কেবল হেগসেথকে বিদায় করতে চান বলেই প্রস্তাবে ভোট দিতে চান। আমি তাঁদের ভোটকে স্বাগত জানাই।’

 

আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই প্রতিরক্ষামন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানান টমাস ম্যাসি। তিনি ভবিষ্যদ্বাণী করেন, ডেমোক্র্যাটদের তদন্তে হেগসেথের অধীন কীভাবে প্রতিরক্ষা বিভাগ পরিচালিত হয়েছে, সে বিষয়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাক্ষ্য নেওয়া হবে। তবে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ নিজের অবস্থানে অটল রয়েছেন। কংগ্রেসে তিনি নিজের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গাওয়ার সুযোগ পাওয়াকে স্বাগত জানিয়েছেন।

 

গতকাল সাংবাদিকদের হেগসেথ বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অনেক মানুষ আছেন, যাঁদের নীতিগতভাবে বড় ধরনের দ্বিমত থাকতে পারে। তবে তাঁদের দ্বিমত আসলে আমাদের সাফল্য নিয়ে।’ ট্রাম্প প্রশাসন যেসব সামরিক পদক্ষেপ নিয়েছে, সেগুলোকে যদি আইনের আওতায় আনতে চাওয়া হয়, তবে তিনি বলেন, ‘আমি সারা দিন ধরে তা করতে প্রস্তুত ও আনন্দিত।’ স্থানীয় সময় আজ মঙ্গলবার হেগসেথ সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে। হেগসেথের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে প্রস্তাবে।

 

টমাস ম্যাসি তাঁর প্রস্তাবে অভিযোগ করেন, ওয়ার পাওয়ারস রেজোল্যুশন (যুদ্ধ ক্ষমতা আইন) অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে হেগসেথ সংবিধান লঙ্ঘন করেছেন। ম্যাসি অভিযোগ তোলেন, হেগসেথ এমন এক ‘যুদ্ধবাজ সংস্কৃতি’ তৈরি করেছেন, যা যুদ্ধের কোনো নিয়মকানুনের তোয়াক্কা করেনি। এর ফলে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর সময় মিনাবে মার্কিন বোমা হামলার উদাহরণ দেন তিনি। সেখানে ১২০টি শিশুসহ ১৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন।

 

প্রস্তাবে আরও অভিযোগ করা হয়, ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে মাদক বহনের সন্দেহে জলযানে মার্কিন হামলার ক্ষেত্রে বাধ্যতামূলক সুরক্ষানীতি উপেক্ষা করা হয়েছে। হেগসেথের অনুমোদনেই এসব হামলা হয়েছে, যা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। হেগসেথের বিরুদ্ধে অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণ, পেন্টাগনে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করে বাক্‌স্বাধীনতা খর্ব করা এবং হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে বেআইনি যুদ্ধ পরিচালনা করা।

 

ম্যাসি ট্রাম্প প্রশাসনের বিশেষ করে ইরান যুদ্ধের একজন নিয়মিত সমালোচক। তাঁর এই খোলামেলা স্বভাবে ট্রাম্প আগে থেকেই তাঁর প্রতি অসন্তুষ্ট। ট্রাম্প চলতি বছরের শুরুর দিকে প্রাথমিক নির্বাচনে ম্যাসিকে হারাতে অন্য এক রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন। হেগসেথকে অভিশংসিত করতে ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনের প্রয়োজন হবে। এরপর তাঁকে পদচ্যুত করতে ১০০ সদস্যের সিনেটের দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতার ভোট লাগবে।

 

বর্তমান রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসে এই প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা কম হলেও জানুয়ারিতে মধ্যবর্তী নির্বাচনে বিশাল জয় পাওয়া নতুন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা শপথ নিলে হেগসেথের ওপর চাপ আরও বৃদ্ধি পেতে পারে। বর্তমান প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস সপ্তাহান্তে বলেছেন, তিনি হেগসেথের অভিশংসনকে সমর্থন করেন। জেফ্রিস জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের স্পিকার হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

 

জেফ্রিস বলেন, ‘তথাকথিত প্রতিরক্ষামন্ত্রী তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন, আমাদের জাতীয় নিরাপত্তাকে ক্ষুণ্ন করেছেন এবং ইরানে দায়িত্বজ্ঞানহীন ও ব্যয়বহুল যুদ্ধ শুরু করেছেন।’ সিনেটেও ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তবু উচ্চকক্ষে এ পর্যন্ত তাঁরা ৫৪টি আসনে জয়ী হয়েছেন। এখনো দুটি আসনের ফল প্রকাশিত হয়নি। হেগসেথকে অভিশংসিত করতে প্রয়োজন সিনেটের প্রায় ৬৭ ভোট।

 

টমাস ম্যাসি তাঁর নিজ দল রিপাবলিকান পার্টি এবং দলের প্রধান নেতা স্পিকার জনসনের আপত্তি সত্ত্বেও হেগসেথকে অভিশংসিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জনসন সাংবাদিকদের বলেন, ‘আমরা রাজনৈতিক ফায়দা বা সস্তা কৌশলের জন্য মন্ত্রিসভার সদস্যদের অভিশংসন করি না। আমি মনে করি এটি তা-ই এবং সবাই তা জানে।’ ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা হেগসেথকে অভিশংসন করার যেকোনো চেষ্টাকে প্রত্যাখ্যান করেছেন। অবশ্য তারা এও স্বীকার করেছেন, ইরান যুদ্ধ অত্যন্ত অপ্রিয় হয়ে উঠেছে, যা রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনে হারের বড় কারণ বলে অনেকে মেনে নিয়েছেন।

 

গত রোববার হেগসেথ সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তিনি মূলত দুটি যুদ্ধে জেতার অপরাধে দোষী। আমি বিশ্বাস করি, আমরা মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলকে একত্রে রক্ষা করেছি। আর যিনি এটা করেছেন, তাকে অভিশংসন করার কথা বলা খুবই কঠিন।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেও হেগসেথের পক্ষ নিয়ে বলেন, ব্যাপক সমালোচনা সত্ত্বেও তিনি ‘ভালো কাজ করেছেন’। রুবিও স্বীকার করেছেন, ইরান যুদ্ধ ‘জনপ্রিয় না হলেও’ এটি ‘প্রয়োজনীয়’ ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

১

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

২

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

৩

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৪

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

৫

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

৬

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

৭

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

৮

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

৯

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

১০

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১১

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১২

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১৩

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৪

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১৫

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

১৬

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

১৭

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

১৮

সহজে পালনীয় নবীজির ২০টি সুন্নত

১৯

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

২০