ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দিতে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার ঘোষণার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কাছে অভিযোগ জানিয়েছে তেহরান। এ ধরনের উদ্যোগ দেশটির পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইরান।
জাতিসংঘ ও আইএইএর প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের এ ঘোষণার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ওয়াশিংটনের এমন পদক্ষেপ গুপ্তচরবৃত্তি এবং ইরানের পারমাণবিক বিজ্ঞানী ও কারিগরি কর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে উৎসাহিত করতে পারে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ পুরস্কার ঘোষণা করে। পরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিষয়টি প্রচার করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ উদ্যোগকে কঠোর ভাষায় নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
চিঠিতে আরাঘচি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ আইএইএর নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা, সততা এবং নির্ভরযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে। তিনি উল্লেখ করেন, ইরানের পারমাণবিক স্থাপনা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা যখন হত্যাকাণ্ড, অন্তর্ঘাত ও আগ্রাসনের ঝুঁকিতে রয়েছেন, তখন দেশটির পারমাণবিক কর্মসূচিতে পরিদর্শনের দাবি পূরণ করা সম্ভব নয়।
তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের এই পুরস্কার ঘোষণা শুধু পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা বাড়াবে না, বরং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও কর্মীদের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলবে। এ পরিস্থিতিতে জাতিসংঘ ও আইএইএর কার্যকর ভূমিকা প্রত্যাশা করছে ইরান।
সূত্র: আল জাজিরা
মন্তব্য করুন