যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচারের একটি আন্তর্জাতিক চক্রে জড়িত থাকার অভিযোগে দোষ স্বীকার করেছেন বাংলাদেশি সাইফুল ইসলাম (৩৯)। ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের পর সোমবার দেশটির আদালতে তিনি দোষ স্বীকার করেন। এ ঘটনায় তার কারাদণ্ডের ন্যূনতম মেয়াদ তিন বছর হতে পারে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিপার্টমেন্ট অব জাস্টিস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিচার বিভাগের তথ্য অনুযায়ী, সাইফুল দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা ও মেক্সিকো হয়ে অভিবাসীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা করতেন। তিনি একটি বিস্তৃত অভিবাসী পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। ওই চক্রের অন্য সদস্যদেরও অভিবাসীদের যাতায়াতের ব্যবস্থা করে দিতেন তিনি।
আদালতের নথির বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাচারকারীরা অভিবাসীদের কলম্বিয়ার উপকূলীয় এলাকা দিয়ে ঝুঁকিপূর্ণ নৌযানে করে নিয়ে যেতেন। এসব নৌযানের চালকদের কেউ কেউ মদ্যপ অবস্থায় থাকতেন। আবার কাউকে বিপজ্জনক দারিয়েন গ্যাপ অতিক্রম করে পায়ে হেঁটে যেতে হতো। পরিচয় গোপন করতে কিছু অভিবাসীকে অন্য ব্যক্তির পরিচয়পত্রও দেওয়া হয়েছিল।
পরে তাদের যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে নিয়ে গিয়ে রিও গ্রান্ডে নদী পার হয়ে অথবা সীমান্তের বেড়া টপকে দেশটিতে প্রবেশের নির্দেশ দেওয়া হতো। যুক্তরাষ্ট্রে পাচারের জন্য কিছু অভিবাসী সাইফুলকে হাজার হাজার ডলারও দিয়েছিলেন।
সাইফুল একটি ষড়যন্ত্রের মাধ্যমে অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করানো এবং বাণিজ্যিক সুবিধা ও আর্থিক লাভের উদ্দেশ্যে দুজন অভিবাসীকে দেশটিতে প্রবেশ করানোর অভিযোগে দোষ স্বীকার করেছেন। এ ছাড়া পাচার হওয়া অভিবাসীদের কাছ থেকে নেওয়া অর্থ বাজেয়াপ্ত করতেও সম্মত হয়েছেন তিনি।
আগামী ১৭ ফেব্রুয়ারি তার সাজা ঘোষণা করার কথা রয়েছে। তবে সাজা কত হবে, তা নির্ধারণ করবেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতের বিচারক। এ ক্ষেত্রে দেশটির সাজা নির্ধারণসংক্রান্ত নির্দেশিকা ও আইনি বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে। এর আগে ২০২৬ সালের এপ্রিলে ব্রাজিল থেকে সাইফুলকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।
মামলাটি তদন্ত করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের (এইচএসআই) ফিনিক্স কার্যালয়। এতে সহায়তা করেছে এইচএসআইয়ের লারেডো, ব্রাসিলিয়া ও বোগোতা কার্যালয়সহ যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও কলম্বিয়ার বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এবং ইন্টারপোল। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, দেশটির বিচার বিভাগ ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের যৌথ উদ্যোগ ‘জয়েন্ট টাস্ক ফোর্স আলফা’ (জেটিএফএ) মামলাটিতে সহায়তা করেছে। সংস্থাটি আন্তর্জাতিক অভিবাসী পাচার ও মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে কাজ করে।
মন্তব্য করুন