যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদন ফরমে নতুন প্রশ্ন যুক্ত করার পরিকল্পনা করছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন দপ্তর (ইউএসসিআইএস)। নতুন প্রশ্নের মাধ্যমে আবেদনকারীরা সরকারি আর্থিক সহায়তা গ্রহণ করেছেন কি না, পরিবারের নির্ভরশীল সদস্যদের ভরণপোষণের দায়িত্ব পালন করেছেন কি না এবং অন্য কাউকে যুক্তরাষ্ট্রে আনার ক্ষেত্রে দেওয়া আর্থিক সহায়তার প্রতিশ্রুতি পূরণ করেছেন কি না, সে বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে চায় সংস্থাটি।
গত ৪ নভেম্বর নাগরিকত্বের আবেদন যাচাইয়ের ক্ষেত্রে ‘গুড মোরাল ক্যারেক্টার’ বা সৎ নৈতিক চরিত্র মূল্যায়ন নিয়ে নতুন নীতিগত নির্দেশনা প্রকাশ করে ইউএসসিআইএস। ওই নির্দেশনায় সরকারি সুবিধা গ্রহণ, পরিবারের নির্ভরশীল সদস্যদের দায়িত্ব পালন এবং অভিবাসন স্পনসরশিপের আর্থিক প্রতিশ্রুতি পূরণের বিষয়গুলো নাগরিকত্বের যোগ্যতা যাচাইয়ে কীভাবে বিবেচনা করা হবে, তা ব্যাখ্যা করা হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, আবেদনকারীরা সরকারি খাদ্য সহায়তা, আবাসন সহায়তা বা অন্যান্য আর্থিক সুবিধা গ্রহণ করেছেন কি না, পরিবারের সন্তান বা অন্য নির্ভরশীল সদস্যদের ভরণপোষণের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন কি না এবং অন্য কাউকে যুক্তরাষ্ট্রে আনার সময় আর্থিক সহায়তার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করেছেন কি না—এসব বিষয়ে অতিরিক্ত তথ্য জানতে পারে কর্তৃপক্ষ।
নির্দেশনায় বলা হয়েছে, কেউ ইচ্ছাকৃতভাবে পরিবারের নির্ভরশীল সদস্যদের ভরণপোষণের দায়িত্ব এড়িয়ে গেলে, সরকারি সুবিধা পেতে প্রতারণা বা জালিয়াতির আশ্রয় নিলে কিংবা স্পনসরশিপের আর্থিক প্রতিশ্রুতি পালন না করলে তা তাঁর সৎ নৈতিক চরিত্র মূল্যায়নে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ছাড়া বৈধভাবে সরকারি সুবিধা গ্রহণ করলেও কেউ যদি ইচ্ছাকৃতভাবে নিজের আর্থিক স্বাবলম্বিতা এড়িয়ে চলেন, সে বিষয়টিও পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করতে পারেন কর্মকর্তারা।
তবে বৈধভাবে সরকারি সহায়তা গ্রহণ করলেই নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা হারাতে হবে, এমন কোনো নিয়ম করা হয়নি। ইউএসসিআইএসের নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সুবিধা গ্রহণের কারণ, আবেদনকারীর আর্থিক স্বাবলম্বিতা অর্জনের চেষ্টা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করতে হবে। দারিদ্র্য, প্রতিবন্ধিতা কিংবা বৈধভাবে সরকারি সুবিধা গ্রহণের বিষয়টি এককভাবে নেতিবাচক সিদ্ধান্তের ভিত্তি হওয়ার কথা নয়।
এদিকে, নতুন নির্দেশনার অংশ হিসেবে Form N-400 সংশোধন করে সরকারি সুবিধা গ্রহণ ও পরিবারের নির্ভরশীল সদস্যদের ভরণপোষণ সম্পর্কে অতিরিক্ত তথ্য সংগ্রহের পরিকল্পনা করেছে সংস্থাটি। তবে এখনো সংশোধিত আবেদন ফরম প্রকাশ করা হয়নি। নতুন প্রশ্নগুলো কবে থেকে কার্যকর হবে, সে বিষয়েও নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। নতুন এই নির্দেশনা কোনো স্বতন্ত্র নতুন আইন নয়; বরং নাগরিকত্বের আবেদন যাচাইয়ে কর্মকর্তাদের জন্য প্রকাশিত নীতিগত নির্দেশনা। সংশোধিত ফরম ও পরবর্তী নির্দেশনা প্রকাশের পর আবেদনকারীদের কাছ থেকে কী ধরনের তথ্য চাওয়া হবে, সে বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
মন্তব্য করুন