যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। গত ১৫ বছরে দেশটিতে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ। সর্বশেষ চার বছরেই এই বৃদ্ধির হার ২৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের অভিবাসী জনসংখ্যা নিয়ে প্রকাশিত নতুন এক পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজ (সিআইএস) ১৭ নভেম্বর এই বিশ্লেষণ প্রকাশ করে। এতে বলা হয়েছে, ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ১৪১ শতাংশ বেড়েছে। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত চার বছরে বেড়েছে ২৯ শতাংশ। অর্থাৎ দীর্ঘ সময়ের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী জনগোষ্ঠী বাড়ছে।
বিশ্লেষণে অন্য কয়েকটি দেশের চিত্রও তুলে ধরা হয়েছে। একই ১৫ বছরে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল থেকে আসা অভিবাসীর সংখ্যা বেড়েছে ২৫৬ শতাংশ। আফগানিস্তানের ক্ষেত্রে এই হার ৩৯০ শতাংশ। আর ভেনেজুয়েলা থেকে আসা অভিবাসী বেড়েছে ৪৭১ শতাংশ, যা তালিকায় সর্বোচ্চ।
সামগ্রিক জনসংখ্যার হিসাবেও অভিবাসীদের বৃদ্ধির হার বেশি। সিআইএসের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বিদেশে জন্ম নেওয়া মানুষের সংখ্যা বেড়েছে ১১ দশমিক ৪ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া জনসংখ্যা বেড়েছে মাত্র ১ দশমিক ৭ শতাংশ। পুরো ১৫ বছরের হিসাবেও অভিবাসী জনসংখ্যা বৃদ্ধির হার দেশটিতে জন্ম নেওয়া জনগোষ্ঠীর তুলনায় তিন গুণের বেশি।
তবে সংশ্লিষ্টরা বলছেন, এই পরিসংখ্যান দিয়ে বোঝা যায় না যে যুক্তরাষ্ট্রে নতুন করে কতজন অভিবাসী প্রবেশ করেছেন। এটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো দেশের অভিবাসী জনগোষ্ঠীর মোট সংখ্যার পরিবর্তন দেখায়। এই হিসাবে নতুন আগমনের পাশাপাশি মৃত্যু এবং যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়া মানুষের সংখ্যাও বিবেচনায় নেওয়া হয়েছে।
মন্তব্য করুন