রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। বৃহস্পতিবার চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়। বৈঠক শেষে তিন দেশ পরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হবে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত যৌথ ‘শান্তি ঘোষণায়’ উল্লেখ করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, তিন নেতা জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে তাঁরা একমত হয়েছেন, পারমাণবিক যুদ্ধে কোনো পক্ষের জয় সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয়। পারমাণবিক ঝুঁকি কমানো ও অস্ত্রের বিস্তার রোধে তিন দেশ আলোচনা অব্যাহত রাখবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।
বিশ্বজুড়ে নানা রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো। বর্তমানে ইউক্রেন যুদ্ধ, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং আন্তর্জাতিক বাণিজ্য বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ত্রিপক্ষীয় বৈঠকের আগে তিন নেতার মধ্যে পৃথক আলোচনা অনুষ্ঠিত হয়। এপেক সম্মেলনের মূল অধিবেশন শেষে পুতিন ও ট্রাম্প দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। এর আগে পুতিন ও সি চিন পিং দুই ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা করেন। পরে সেই আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে বর্ণনা করেন পুতিন। সিকে তিনি ‘ভালো বন্ধু’ বলেও উল্লেখ করেন।
গত বুধবার শেনঝেন বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। প্রেসিডেন্ট হওয়ার পর কোনো বিশ্বনেতাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হওয়ার ক্ষেত্রে এটি তাঁর বিরল উদ্যোগ। এর আগে কোনো বিশ্বনেতাকে স্বাগত জানাতে তিনি বিমানবন্দরে উপস্থিত হননি। বিমানবন্দরে সি ও ট্রাম্প সংক্ষিপ্ত সময়ের জন্য আলিঙ্গনও করেন। পরে সি জানান, গত সেপ্টেম্বরে ওয়াশিংটন সফরের সময় ট্রাম্প তাঁকে ব্যক্তিগতভাবে স্বাগত জানিয়েছিলেন। সেই সৌজন্যের জবাব দিতেই এবার তিনি বিমানবন্দরে উপস্থিত হয়েছেন।
সুত্রঃ রয়টার্স
মন্তব্য করুন