বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে একটি সড়কের সম্মানসূচক নামকরণ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে শহরের বিখ্যাত উইলিস টাওয়ারের পাশে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ লেখা নামফলক উন্মোচন করা হয়। প্রবাসী বাংলাদেশিদের অনেকে এই উদ্যোগকে সম্মান ও গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন।
নামফলকটি উন্মোচন করেন শিকাগো সিটি কাউন্সিলের অ্যাল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস। সম্মানসূচক এই নামকরণ করা হয়েছে আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশে, ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী অংশে। মূল সড়কের নাম বদলায়নি, এর সঙ্গে সম্মানসূচক নামটি যুক্ত হয়েছে।
ভিলেগাস গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলে নামকরণের প্রস্তাব তোলেন। পরে কাউন্সিল সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস করে। প্রস্তাবটির পেছনে ছিল প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগ।
উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, অ্যাল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা, শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, নেতৃত্ব, দেশপ্রেম এবং গণতন্ত্রে তাঁর অবদানের কথা তুলে ধরেন। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা এই নামকরণকে বাংলাদেশের ইতিহাস ও রাজনৈতিক ঐতিহ্যের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বর্ণনা করেন।
নামকরণ করা সড়কটির পাশের উইলিস টাওয়ারের সঙ্গে বাংলাদেশের একটি ঐতিহাসিক যোগ রয়েছে। ১১০ তলার এই ভবন একসময় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল। এর কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ফজলুর রহমান খান, যিনি বিশ্বজুড়ে এফ আর খান নামে পরিচিত। ভবনটি আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল।
তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর পর এ বছরের জানুয়ারিতে মিশিগানের হ্যামট্রাম্যাক শহরের কারপেন্টার স্ট্রিটের একটি অংশও তাঁর নামে নামকরণ করা হয়।
শিকাগোতে এর আগে ২০১৪ সালে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’ নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। শহরের ডেভন অ্যাভিনিউয়ের একটি অংশে ১৯৯৭ সাল থেকে ‘শেখ মুজিব ওয়ে’ নামে সম্মানসূচক নামকরণও রয়েছে।
মন্তব্য করুন