নেতৃত্ব, কমিউনিটি সম্পৃক্ততা, সাংগঠনিক কার্যক্রম ও জনসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন তাহমিদ চৌধুরী।
১৭ সেপ্টেম্বর ২০২৬ গ্র্যান্ড র্যাপিডসের জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে আয়োজিত মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অনুষ্ঠানে তাহমিদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারটি নিজ নিজ কমিউনিটি ও কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে সক্রিয়ভাবে কাজ করা তরুণ নেতাদের নেতৃত্ব, সেবা ও অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। তাহমিদকে পুরস্কার প্রদান করেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর এবং ডেমোক্র্যাটিক পার্টির সেক্রেটারি অব স্টেট মনোনীত প্রার্থী গারলিন গিলক্রিস্ট দ্বিতীয় এবং ওয়াশটেনো কাউন্টি প্রসিকিউটর ও ডেমোক্র্যাটিক পার্টির অ্যাটর্নি জেনারেল মনোনীত প্রার্থী এলি সাভিট।
অনুষ্ঠানে মঞ্চে আরও উপস্থিত ছিলেন ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার, মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান কার্টিস হার্টেল, মার্কিন কংগ্রেসওম্যান হিলারি স্কলটেন এবং মিশিগান সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ও ডেমোক্র্যাটিক পার্টির লেফটেন্যান্ট গভর্নর মনোনীত প্রার্থী উইনি ব্রিংকস। তাহমিদ বর্তমানে মিশিগানের ওয়ারেন শহরের বাসিন্দা। তাঁর জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের সিলেটে। ২০২০ সালে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। এরপর থেকে মিশিগানে বিভিন্ন নাগরিক, সামাজিক ও জনসেবামূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি ওয়ারেন ক্রাইম কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। ওয়ারেন সিটি সরকারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে তাকে কমিশনে নিয়োগ দেওয়া হয় এবং তাঁর মেয়াদ ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত।

যুক্তরাষ্ট্রে আসার আগে তাহমিদ বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকল্প সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। মিশিগানে আসার পর তিনি কমিউনিটি আউটরিচ, তৃণমূল পর্যায়ের সংগঠন, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং তরুণদের সামাজিক ও নাগরিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিভিন্ন উদ্যোগে কাজ করে আসছেন। পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় তাহমিদ বলেন, এই স্বীকৃতি শুধু তাঁর একার নয়। মেন্টর, সংগঠক, স্বেচ্ছাসেবক, কমিউনিটি নেতা, বন্ধু এবং যারা তাকে শেখার ও সেবা করার সুযোগ দিয়েছেন, এই অর্জন তাঁদেরও।
তিনি বলেন, তাঁর লক্ষ্য মানুষের পাশে থাকা, তাঁদের কথা শোনা, কঠোর পরিশ্রম করা এবং কমিউনিটির সেবা করা। সামনে আরও কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে তাহমিদকে সমর্থন জানাতে মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি জাবেদ চৌধুরী এবং উপদেষ্টা সুমন কবির।
তাহমিদ এই স্বীকৃতিকে কমিউনিটি সম্পৃক্ততা, জনসেবা এবং ভবিষ্যৎ প্রজন্মের তরুণ নেতৃত্ব তৈরিতে তাঁর কাজ আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। পুরস্কারের জন্য তিনি মিশিগান ডেমোক্র্যাটিক পার্টি ও মিশিগান ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ডেমোক্র্যাটিক পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন