উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের শীর্ষ সামাজিক ও পেশাজীবী সংগঠন ‘আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি প্রকৌশলী অ্যান্ড আর্কিটেক্টস’ (আবিয়া)-র উদ্যোগে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর মিশিগানের ডেট্রয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আবিয়া বাইেনিয়াল কনভেনশন ২০২৬’। এই সম্মেলনকে কেন্দ্র করে আবিয়া সেন্ট্রালের পক্ষ থেকে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে আন্তর্জাতিক এই সম্মেলনের বিস্তারিত সময়সূচি, উদ্দেশ্য এবং বাংলাদেশের প্রকৌশল খাতের উন্নয়নে সংগঠনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।
তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের পর্দা উঠবে। দ্বিতীয় দিন ২৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী অনুষ্ঠিত হবে প্রফেশনাল নেটওয়ার্কিং ইভেন্ট, স্টেম (STEM) ফেয়ার এবং টেকনিক্যাল সেমিনার। একই দিন সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ১১টা পর্যন্ত থাকছে মূল বক্তব্য (Keynote Speech) এবং কালচারাল নাইট।
সম্মেলনের শেষ দিন ২৭ সেপ্টেম্বর (রবিবার) সকালে অনুষ্ঠিত হবে টেবিল টেনিস টুর্নামেন্ট ও বিশেষ প্রফেশনাল নেটওয়ার্কিং সেশন। আর বিকেলের সমাপনী আকর্ষণ হিসেবে থাকছে ‘ডেট্রয়েট প্রিন্সেস রিভারবোট’-এ রিভার ক্রুজ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজ।
বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের উন্নয়নে বিশ্বব্যাপী কোলাবোরেশন
প্রেস কনফারেন্সে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আবিয়ার নেতৃবৃন্দ জানান, উত্তর আমেরিকার পাশাপাশি বাংলাদেশের প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন ও পেশাদারদের বিশ্বমঞ্চে তুলে ধরতে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে বিশেষভবে তুলে ধরা হয় যে, আবিয়া কীভাবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে উঠে আসা তরুণ প্রকৌশলীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গাইডলাইন দিয়ে যাচ্ছে। একই সাথে দেশের বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের (ইন্ডাস্ট্রি) সাথে আন্তর্জাতিক গবেষক ও গ্লোবাল প্রযুক্তি প্রতিষ্ঠানের যৌথ কোলাবোরেশন বৃদ্ধির উদ্যোগ নিয়েও আলোচনা করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ডেট্রয়েটের এই দ্বিবার্ষিক কনভেনশন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাশী ও দেশীয় বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের মধ্যে নতুন সেতু বন্ধন রচনা করবে।
মন্তব্য করুন