অনলাইন বিজ্ঞাপন বাজারে গুগলের একচেটিয়া প্রভাব কমাতে প্রতিষ্ঠানটিকে ব্যবসায়িক কিছু নিয়ম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক। তবে মার্কিন সরকারের গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসা ভেঙে আলাদা করে দেওয়ার দাবি নাকচ করেছেন তিনি। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত ১০৬ পৃষ্ঠার রায়ে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার জেলা বিচারক লিওনি ব্রিঙ্কেমা এসব নির্দেশ দেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের এপ্রিলে বিচারক গুগলকে অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির কিছু ক্ষেত্রে অবৈধ একচেটিয়া নিয়ন্ত্রণের জন্য দায়ী করেছিলেন। নতুন রায়ে গুগলের বিজ্ঞাপন নিলাম প্রক্রিয়ায় প্রতিযোগীদের জন্য আরও সুযোগ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কার্যক্রম নজরদারিতে একজন অ্যান্টিট্রাস্ট কমপ্লায়েন্স মনিটর নিয়োগ করতে বলা হয়েছে।
মার্কিন বিচার বিভাগ গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি প্ল্যাটফর্ম অ্যাডএক্স বিক্রির দাবি জানিয়েছিল। তাদের যুক্তি ছিল, গুগল নিজেই বিজ্ঞাপন নিলাম পরিচালনা করায় বাজারে অন্যদের প্রতিযোগিতার সুযোগ কমে যাচ্ছে। তবে বিচারক সেই দাবি প্রত্যাখ্যান করেছেন।
এই রায়ে বলা হয়েছে, অন্য প্রকাশকদের বিজ্ঞাপন সার্ভারকে অ্যাডএক্সের তাৎক্ষণিক দরপ্রস্তাবে অংশ নেওয়ার সুযোগ দিলে বাজারে প্রতিযোগিতা বাড়তে পারে। একই সঙ্গে গুগলের বিজ্ঞাপন সার্ভার ব্যবহার করা ওয়েবসাইটগুলোকে অ্যাডএক্সও ব্যবহার করতে হবে এমন বাধ্যবাধকতা তুলে নিতে হবে। প্রকাশকদের গুগলের বিজ্ঞাপন প্রযুক্তির মধ্যে আটকে রাখে, এমন কিছু ব্যবসায়িক পদ্ধতিও বন্ধ করতে হবে।
এসব পরিবর্তন আগামী ছয় বছর বহাল থাকবে। তবে মার্কিন বিচার বিভাগ ১৫ বছরের বিধিনিষেধ চেয়েছিল। রায়ের পর গুগল জানিয়েছে, তারা বিচারকের সিদ্ধান্তের কিছু অংশের সঙ্গে একমত নয় এবং এর বিরুদ্ধে আপিল করবে। অন্যদিকে মার্কিন বিচার বিভাগের সহযোগী অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি উডওয়ার্ড রায়টিকে অনলাইন বিজ্ঞাপন বাজারে প্রতিযোগিতা রক্ষার ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ বিজয়’ বলে মন্তব্য করেছেন। আলফাবেটের মোট আয়ের প্রায় ৭৩ শতাংশ বিজ্ঞাপন থেকে আসে। ফলে গুগলের বিজ্ঞাপন ব্যবসার ওপর এই রায়ের প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে।
সূত্র: রয়টার্স
মন্তব্য করুন