প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে দুর্গা টেম্পল ডেট্রয়েট-এর আয়োজনে এক আনন্দঘন কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার ২৮ জুন মিশিগানের ওয়ারেন শহরের ক্যাম্পবেল রোডের ভেটারন্স মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত এই বনভোজনে বিপুল সংখ্যক প্রবাসী পরিবার অংশগ্রহণ করে। সকাল থেকে দিনব্যাপী চলা এ আয়োজনে ছিল সুস্বাদু খাবার, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, শিশু-কিশোরদের জন্য বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম এবং সবার অংশগ্রহণে প্রাণবন্ত মিলনমেলা। ছিল আকর্ষণীয় র্যাফল ড্র পুরস্কার।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, ব্যস্ত প্রবাসজীবনের মাঝে এমন আয়োজন একে অপরের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধ তুলে ধরতেও এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ডেট্রয়েট দূর্গা টেম্পলের সভাপতি পংকজ দাশ জানান, দুর্গা টেম্পল ডেট্রয়েট শুধু ধর্মীয় কার্যক্রমেই সীমাবদ্ধ নয়; বরং সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও প্রবাসী কমিউনিটিকে একত্রিত রাখতে নিয়মিত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও কমিউনিটির কল্যাণে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দিনব্যাপী হাসি-আনন্দ, আন্তরিকতা ও সৌহার্দ্যের পরিবেশে অনুষ্ঠিত এই বনভোজন শেষে অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
মন্তব্য করুন