যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাক্তন বাংলাদেশ মিশন মেম্বারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক পারিবারিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুন লং আইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে নিউইয়র্কস্থ বাংলাদেশ স্থায়ী মিশন ও কনস্যুলেটের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা, তাঁদের পরিবার-পরিজন এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধুলা, মহিলাদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

বিশ্ব বাবা দিবস উপলক্ষে অনুষ্ঠানে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। দুপুরে উপস্থিত অতিথিদের জন্য বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়। পরে বিভিন্ন খেলাধুলার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত র্যাফেল ড্র। র্যাফেল ড্রে বিমান টিকিট, টেলিভিশন, ল্যাপটপ, স্মার্টফোনসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি মোক্তার হোসেন এবং সাধারণ সম্পাদক মোল্লা মজিবর রহমান। তাঁরা সকলের সহযোগিতায় আয়োজিত মিলনমেলার সফল সমাপ্তি ঘোষণা করেন।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশি কূটনৈতিক পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্তব্য করুন