জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্কে ‘সিভিল সোসাইটি এনগেজমেন্ট ফর ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বিশ্বমঞ্চে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত, নাগরিক সমাজ, প্রবাসী ও তরুণ প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।
স্থানীয় সময় ২৭ সেপ্টেম্বর বিকেলে লাগোয়ার্ডিয়ার ডাবলট্রি হিলটন হোটেলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনআরবির উদ্যোগে এ সভা হয়। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, অর্থনীতিবিদ, আন্তর্জাতিক ব্যবসায়ী নেতা ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। মূল আলোচনায় অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রবাসীদের, বিশেষ করে তরুণদের, যুক্ত করা জরুরি। নিজেদের দক্ষতা ও সক্ষমতা দিয়ে তরুণরা দেশকে এগিয়ে নিতে পারেন।
অতিথি বক্তা লন্ডনের ওয়ার্দিং কাউন্সিলের ডেপুটি মেয়র হেনা চৌধুরী বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের দেশের কাজে আরও বেশি যুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বিশ্বের নজর থাকে নিউইয়র্কে। এ সময়ে নেওয়া উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি বাড়ানোর সুযোগ তৈরি করে। তাঁর প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ কার্যক্রম পরিচালনা করছে।
সেকিল চৌধুরী আরও বলেন, একটি দেশের পরিচিতি বিশ্বদরবারে তুলে ধরতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত ও ব্যক্তি উদ্যোগ প্রয়োজন। আধুনিক প্রযুক্তিতে দক্ষ দেশে ও প্রবাসে থাকা তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাঁদের এ কাজে যুক্ত করার আহ্বান জানান তিনি। আলোচনায় অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, প্রবাসীরা রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি নিজ নিজ কর্মক্ষেত্রে অবদান রেখে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি বাড়াচ্ছেন।
সভায় আরও বক্তব্য দেন নার আমেরিকার গ্লোবাল চেয়ারম্যান ইয়োশি ইকোতা, পরিবেশবিদ ইনা ইসলাম, অর্থনীতিবিদ ড. শওকত আলী, সংবাদপত্র সম্পাদক ডা. ওয়াজেদ খান, ব্যবসায়ী পল খান, ইমাম শেখ জুনায়েদ, আইনজীবী নাসির চৌধুরী, ডা. জুন্নন চৌধুরী, মুনার আরমান চৌধুরী, কণ্ঠশিল্পী শুভ্র দেব, লিগ অব আমেরিকার শাহিদা শিকদার হাই, রওশান হক, রিয়েলটর নাদির খান, কমিউনিটি নেতা আব্দুর রহিম, অপটিমিস্টের চেয়ারম্যান শামিম আহমদ, সৈয়দা ফাওজিয়া মুন্নী, জেএমসির নির্বাহী সদস্য জুলকার হায়দার, সৈয়দ আতিক, আব্দুস সহিদ ও নিউইয়র্ক ইলেকশন বোর্ডের কর্মকর্তা মাসুদ মাসুম।
মন্তব্য করুন