পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে দক্ষিণভাগ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি ও র্যালিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ, এডহক কমিটির সভাপতি ও বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক, এডহক কমিটির অভিভাবক সদস্য অলিউর রহমান, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মো. রেজাউল ইসলামসহ সম্মানিত অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর মধ্যে বৃক্ষরোপণ ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। আজকের একটি গাছই আগামী দিনের নির্মল পরিবেশ ও টেকসই সবুজ বাংলাদেশের ভিত্তি এ উপলব্ধি থেকে সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান তারা।
মন্তব্য করুন