অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্নপূরণে অঙ্গীকার ব্যক্ত করে দেশবাসীকে ছাত্র-জনতার স্বপ্নপূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
ড. ইউনূস বলেন, “বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, সেই স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ। আপনাদের সবাইকে এই শুভ লগ্নে আমাদের স্বপ্নপূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।’ গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর ওইদিন প্রধান উপদেষ্টা প্রথমবারের মত জাতির উদ্দেশে ভাষণ দেন। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারেতে পালিয়ে গেলে তার সরকারের পতন হয়। মুহাম্মদ ইউনূস তার ভাষণে বলেন, ছাত্র-জনতার স্বপ্ন আমাদের স্বপ্ন। তরুণরা একটি মহা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। সবাইকে এই সুযোগ ব্যবহার করার কাজে এগিয়ে আসার আহবান জানান তিনি।
সমগ্র বাংলাদেশ একটি পরিবারের মত উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, গণরোষের মুখে ফ্যাসিবাদী সরকার প্রধান দেশ ত্যাগ করার পর আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত। আমাদের লক্ষ্য একটিই। উদার, গণতান্ত্রিক বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা এক পরিবার, আমাদের এক লক্ষ্য’ উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে ব্যাহত করতে না পারে সেজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
ড. ইউনূস বলেন, ‘লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত করা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এই খাতে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা স্থাপন, ব্যবসা বাণিজ্যের সহায়ক পরিবেশ তৈরি এবং জনগণের জীবনযাপন সহজ করতে নিত্য প্রয়াজনীয় দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার আমরা উদ্যোগ সচল করেছি।’ প্রধান উপদেষ্টা তার ভাষণে ব্যাংকিং খাতে দীর্ঘ মেয়াদি সংস্কারের জন্য ব্যাংকিং কমিশন গঠনের কথা তুলে ধরেন। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সরকারের নেওয়া বিভিন্ন কর্যক্রমের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের যত কার্যক্রম আছে তা সচল করা হয়েছে। বন্যা পরবর্তী কার্যক্রম হাতে নেয়া হয়েছে এবং ভবিষ্যতে বন্যা নিয়ন্ত্রণের জন্য করণীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত ব্যক্তিবর্গের প্রতি বিশেষ সহযোগিতার আবেদন করে ড. ইউনুস বলেন, ‘একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশেপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত ১৬ বছরের অনেক দুঃখ-কষ্ট আপনাদের জমা আছে। সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে থাকবে।’ বিভিন্ন রাষ্ট্র ও জাতিসংঘ বর্তমান সরকারের কর্মসূচির প্রতি সমর্থন ব্যক্ত করেছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, আমরা সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। আমরা মানবাধিকার আইনসহ সকল আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল।
মন্তব্য করুন