বাংলাদেশি মুসলিম কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ১৭ জুলাই ২০২৬ (শুক্রবার) শুরু হওয়া এই আয়োজন ১৯ জুলাই (রবিবার) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রখ্যাত আলেম-উলামা, মাশায়েখ, হাফেজ, ক্বারী, উস্তাদ, ইসলামী ব্যক্তিত্ব এবং সম্মানিত অতিথিরা অংশগ্রহণ করেন। তাঁদের মূল্যবান আলোচনা, কুরআনের তিলাওয়াত এবং দিকনির্দেশনামূলক বক্তব্যে পুরো মাহফিল প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে ওঠে।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল কিরাত প্রতিযোগিতা। এতে ৬০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা ১০ জন প্রতিযোগীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

উন্মুক্ত আকাশের নিচে এমন ব্যতিক্রমধর্মী ইসলামী মাহফিল আয়োজন করায় আয়োজকদের প্রতি অংশগ্রহণকারীরা আন্তরিক প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুরো আয়োজনে ছিল এক টুকরো বাংলাদেশি আবহ। পরিবার-পরিজন ও কমিউনিটির সদস্যদের মিলনমেলা, দেশীয় পরিবেশ এবং বিভিন্ন ধরনের বাংলাদেশি খাবার ও নাস্তার স্টল অনুষ্ঠানে আগত সবার জন্য বাড়তি আকর্ষণ হয়ে ওঠে।
উপস্থিত অতিথি, আলেম-উলামা এবং অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রে ইসলামী দাওয়াহ, ধর্মীয় শিক্ষা এবং প্রবাসী বাংলাদেশি মুসলিম কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে এ ধরনের ব্যতিক্রমধর্মী ও সফল আয়োজন প্রতিবছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন