যুক্তরাষ্ট্রের মিশিগানে নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে ওয়ারেন সিটির মৃধা বেঙ্গলী কালচারাল সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য দেন মৈত্রীর প্রতিষ্ঠাতা ও সংগীত শিক্ষক তপন প্রভু। পরে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রবাসে বাংলা গান, নৃত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন আকলিমা বেগম ডলি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃধা বেঙ্গলী কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট চিকিৎসক ড. দেবাশীষ মৃধা।
আলোচনা সভা শেষে শুরু হয় মূল সাংস্কৃতিক পরিবেশনা। শুরুতেই মৈত্রীর শিল্পীরা সমবেত সংগীত পরিবেশন করেন। এরপর পরিবেশিত হয় দ্বৈত নৃত্য। অনুষ্ঠানে নটরাজ শিল্পীগোষ্ঠীর শিল্পীরাও দলীয় সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একক সংগীত পরিবেশনা। এতে গান পরিবেশন করেন সুলতানা গজনবী, হেলেন হাবিব, গোলাম হায়দার, কামরুল হায়দার, শ্বেতা দে, রুমানা রশীদ, আজিজ খন্দকার, সুশান্ত সরকার, তনুশ্রী কুমার, অমিতা মৃধা, উর্মি বাসেত, হারুন রশীদ, রুকসানা পলি, শামীম শহীদ এবং সংগীত শিক্ষক তপন প্রভু।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাদ্যযন্ত্রে সংগত করেন অমিত চ্যাটার্জি (তবলা), আবীর (গিটার) এবং আহসান হাবিব (পারকাশন)। মনোমুগ্ধকর পরিবেশনা ও প্রাণবন্ত আয়োজনে প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চা ও বিকাশে সংগঠনটির ভূমিকা আরও একবার তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ‘মৈত্রী’ নিয়মিতভাবে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করে আসছে। তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে সফলভাবে সম্পন্ন হয়েছে।
মন্তব্য করুন