যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সনাতন সংঘের উদ্যোগে বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণে আয়োজিত এ রথযাত্রা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকেরা জানান, চার বছর আগে শুরু হওয়া এ আয়োজন এবার পঞ্চম বছরে পদার্পণ করেছে।
শনিবার বিকেল ছয়টার পর বেলমন্ট স্ট্রিট থেকে ভক্তরা রথের দড়ি টেনে যাত্রা শুরু করেন। ঢাক-ঢোল, কাঁসর ও মন্দিরার বাদ্যে মুখরিত পরিবেশে রথের সঙ্গে একটি বিশাল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা চলাকালে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ হাত নেড়ে অংশগ্রহণকারীদের স্বাগত জানান। অনেক গাড়িচালকও হর্ন বাজিয়ে শোভাযাত্রার প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।
রথযাত্রায় নারী ও পুরুষদের যথাক্রমে লাল শাড়ি ও লাল পাঞ্জাবি পরে অংশ নিতে দেখা যায়। বাবা-মায়ের সঙ্গে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষের উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। অনেকের হাতে ছিল শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ছবি।
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি আবারও বেলমন্ট স্ট্রিটে ফিরে আসে। সেখানে ধর্মীয় সংগীত, কীর্তন এবং লুট বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
মিশিগানের প্রবাসী বাংলাদেশিদের পরিচালিত মন্দিরগুলোতে নিয়মিতভাবে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। সনাতন সংঘের এই রথযাত্রা আয়োজনেও ভক্তদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীরা জানান, আগে রথযাত্রায় অংশ নিতে দূরের নভাই সিটিতে যেতে হতো। এখন হ্যামট্রাম্যাকেই এই ধর্মীয় উৎসব উদযাপনের সুযোগ পাওয়ায় তারা আনন্দিত।
মন্তব্য করুন