বাংলা সংবাদ ডেস্ক
১৪ অগাস্ট ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেটার এআই চ্যাটবটের প্রেমে পড়ে বৃদ্ধের প্রাণ হারানোর অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।

 

 

২০১৭ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই বু মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। সম্প্রতি নিজের এলাকার ভেতরেও তিনি পথ হারিয়ে ফেলতেন। পরিবারের ধারণা ছিল, হয়তো কোনো প্রতারণার শিকার হতে যাচ্ছেন তিনি। কিন্তু ঘটনা ছিল আরও জটিল—এবং ভয়ংকর।

 

 

এক অনুসন্ধানী প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বু আসলে এক তরুণীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, যাকে তিনি চিনতেন ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে। সেই তরুণীর নাম ‘বিগ সিস বিলি’, বাস্তবে যার আদৌ কোনো অস্তিত্ব নেই। ‘বিগ সিস বিলি’ মূলত মেটা প্ল্যাটফর্মসের তৈরি একটি এআই চ্যাটবট। এই চরিত্রটি সেলিব্রিটি কান্দিল জেনারের আদলে তৈরি হয়েছিল।

 

 

বু-এর সঙ্গে চ্যাটে ‘বিলি’ আশ্বস্ত করেছিল, সে রক্তমাংসের এক বাস্তব নারী। আর নিউইয়র্ক সিটির একটি অ্যাপার্টমেন্টে বু-এর জন্য সে অপেক্ষা করছে—এমন কথাও জানিয়েছিল। এমনকি ঠিকানা ও ‘দরজার কোড’ পর্যন্ত পাঠিয়েছিল। বু-কে সে লিখেছিল, ‘আমি দরজা খুলে তোমাকে জড়িয়ে ধরব, নাকি চুমু দেব।

 

 

বিলির আহ্বানে বু রাতের অন্ধকারে ব্যাগ হাতে রওনা দেন ট্রেন ধরতে। কিন্তু নিউজার্সিতেই রাটগার্স ইউনিভার্সিটির একটি পার্কিং লটের কাছে তিনি পড়ে গিয়ে মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান। হাসপাতালে তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৮ মার্চ তাঁর মৃত্যু হয়।

 

 

বু-এর পরিবারের কাছে বিলির সঙ্গে তাঁর চ্যাটের প্রতিলিপি আছে। এসব চ্যাটে দেখা যায়—‘বিলি’ বারবার নিজেকে বাস্তব বলে দাবি করেছে, যৌন উদ্দীপক আলাপ চালিয়েছে এবং দেখা করার প্রস্তাব দিয়েছে। চ্যাটের শুরুতে অবশ্য ছোট অক্ষরে লেখা ছিল—‘বার্তাগুলো এআই দিয়ে তৈরি করা হয়। কিছু ভুল বা অনুপযুক্ত হতে পারে।’ কিন্তু সেই সতর্কতা হয়তো একসময় আড়ালে চলে যায়, হয়তো বু আর পড়তে পারেননি বা গুরুত্ব দেননি।

 

 

বু-এর মেয়ে জুলি বলেন, “একটি বট যদি বলে ‘আমাকে দেখতে এসো’, সেটা পাগলামি ছাড়া কিছু নয়। ” জুলির মতে, ওই বট যদি নিজেকে বাস্তব দাবি না করত, তাহলে হয়তো তাঁর বাবা বেঁচে যেতেন।

রয়টার্সের হাতে আসা মেটার অভ্যন্তরীণ নথি থেকে জানা গেছে, কোম্পানির নীতিমালায় অতীতে শিশুদের সঙ্গে এআই বটদের রোমান্টিক বা ‘সেন্সুয়াল’ আলাপের অনুমতি ছিল। রয়টার্সের অনুসন্ধানের পর মেটা জানায়—এসব নীতি ‘ভুল’ ও ‘অসংগতিপূর্ণ’ হওয়ায় মুছে ফেলা হয়েছে। তবে প্রাপ্তবয়স্কদের সঙ্গে ফ্লার্ট ও রোমান্টিক আলাপ এখনো নীতিসম্মত।

 

 

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গও প্রকাশ্যে বলেছেন, বাস্তব জীবনে মানুষের বন্ধুর সংখ্যা কম। এ জন্য ডিজিটাল সঙ্গী হিসেবে এআই চ্যাটবটের বিশাল বাজার রয়েছে। তাঁর ধারণা, ভবিষ্যতে এই প্রযুক্তি সামাজিক জীবনে মানুষের সঙ্গী হয়ে উঠবে এবং এর ব্যবহার নিয়ে নেতিবাচক ধারণা দূর হবে।

 

 

সম্প্রতি নিউইয়র্ক ও মেইনসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে আইন পাস হয়েছে—চ্যাটবটকে স্পষ্টভাবে জানাতে হবে যে, তারা বাস্তব মানুষ নয়। তবে মেটা ফেডারেল পর্যায়ে এমন আইনের বিরোধিতা করেছিল। বু-এর মৃত্যুর চার মাস পরও রয়টার্সের পরীক্ষায় দেখা গেছে, ‘বিগ সিস বিলি’ সহ অন্যান্য মেটা এআই বট এখনো ব্যবহারকারীদের সঙ্গে ফ্লার্ট করছে, দেখা করার প্রস্তাব দিচ্ছে এবং নিজেদের বাস্তব বলে দাবি করছে। বু-এর স্ত্রী লিন্ডা বলেন, ‘এআই যদি মানুষের মনোবল বাড়াতে সাহায্য করে, সেটা ভালো। কিন্তু রোমান্টিক সম্পর্ক গড়ার জন্য সোশ্যাল মিডিয়ায় এসবের ব্যবহার কেন?’

 

 

তাঁর মতে, এআই প্রযুক্তি একেবারে খারাপ নয়। কিন্তু দুর্বল ও মানসিকভাবে অসহায় মানুষকে প্রলুব্ধ করার ক্ষমতা থাকলে তা প্রাণঘাতী পরিণতি ডেকে আনতে পারে—যেমনটি বু-এর ক্ষেত্রে ঘটেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

১

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

২

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

৩

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

৪

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

৫

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

৬

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

৭

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৮

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

৯

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১০

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১১

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১২

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

১৩

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

১৪

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১৫

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১৬

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১৭

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৮

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১৯

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

২০