আদালতে হাজির হতে যাওয়া অভিবাসীদের আটকের অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসের বিরুদ্ধে মামলা করেছে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য। ২৩ নভেম্বর অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল আন্দ্রেয়া ক্যাম্পবেল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এ মামলা করেন। তাঁর অভিযোগ, অঙ্গরাজ্যের নতুন আইন অমান্য করে আইস বিচারকের অনুমতি ছাড়াই আদালত চত্বরে অভিবাসীদের আটক করছে।
ম্যাসাচুসেটসের ‘প্রোটেক্ট অ্যাক্ট’ আইনের একটি অংশ গত ৩ নভেম্বর কার্যকর হয়েছে। এই অংশে বলা হয়েছে, বিচারকের দেওয়া পরোয়ানা ছাড়া শুধু অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আদালত চত্বরে কাউকে আটক করা যাবে না।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তথ্য অনুযায়ী, আইনটি কার্যকর হওয়ার পরও আইস অন্তত ৩৮ জনকে আদালত চত্বর থেকে আটক করেছে। ২০২৬ সালের প্রথম ১০ মাসে অঙ্গরাজ্যের আদালতগুলো থেকে ৫০০ জনের বেশি মানুষকে আটক করা হয়। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৬০০-র বেশি। মামলায় অভিযোগ করা হয়েছে, কাদের আদালতে হাজির হওয়ার কথা, তা জানতে আইস আদালতের শুনানির সময়সূচি ব্যবহার করছে। আদালতের নিরাপত্তাকর্মীদের তল্লাশির সুযোগও কাজে লাগাচ্ছেন সংস্থাটির কর্মকর্তারা।
ক্যাম্পবেলের অভিযোগ, এসব আটকের কারণে অনেকে আদালতে যেতে ভয় পাচ্ছেন। অপরাধের শিকার কেউ কেউ অভিযোগ জানাতে বা সাক্ষ্য দিতে সাহস পাচ্ছেন না। মামলায় একজন নারীর কথা উল্লেখ করা হয়েছে, যিনি আইসের হাতে আটক হওয়ার ভয়ে ধর্ষণের অভিযোগ জানাতে চাননি। আরেক ঘটনায় ৩ নভেম্বর মেডফোর্ডের একটি আদালতে ফৌজদারি মামলার শুনানিতে হাজির হওয়ার কথা ছিল এমন একজন আসামিকে আইস আটক করে। ফলে তিনি শুনানিতে উপস্থিত হতে পারেননি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, আইনশৃঙ্খলা বাহিনী বিপজ্জনক অপরাধীদের আটক করে সরিয়ে নেওয়ার কাজ করছে। অ্যাটর্নি জেনারেল আদালতের কাছে আইসের এই আটক অভিযান বন্ধের নির্দেশ চেয়েছেন। মামলাটির বিষয়ে আদালত এখনো কোনো সিদ্ধান্ত দেননি।
মন্তব্য করুন