যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি খাবারের স্বাদ ও ঐতিহ্য তুলে ধরতে যাত্রা শুরু করেছে রান্নাঘর রেস্টুরেন্ট। জমকালো আয়োজন, উৎসবমুখর পরিবেশ এবং বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে রেস্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর রোববার দুপুরে মিশিগানের ওয়ারেন সিটির রায়ান রোডে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় নতুন এই রেস্টুরেন্ট। স্বত্বাধিকারী নূর মিয়া ও কবির আহমেদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যামট্রাম্যাক সিটির মেয়র মুহিত মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিটজেরাল্ড বোর্ড অব এডুকেশনের ট্রাস্টি খাজা সাহাব আহমেদ, বাংলাদেশি আমেরিকান ফোরাম মিশিগানের সভাপতি শাহেদুল ইসলাম এবং মসজিদ আল ফাতেহের ইমাম হাফেজ মাওলানা আব্দুল বাসিত চৌধুরী। এ ছাড়া মিশিগানের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে রান্নাঘর রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বিনামূল্যে খাবার পরিবেশনের বিশেষ আয়োজন রাখা হয়। দেশীয় খাবারের স্বাদ নিতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে ভিড় করেন বিপুলসংখ্যক মানুষ। বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য কমিউনিটির মানুষের অংশগ্রহণে উদ্বোধনী আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
অনুষ্ঠানে ব্যাপক মানুষের উপস্থিতি ও ভালোবাসায় সন্তোষ প্রকাশ করেন রেস্টুরেন্টের দুই স্বত্বাধিকারী নূর মিয়া ও কবির আহমেদ। এ সময় তারা মিশিগানের বাংলাদেশি কমিউনিটিসহ অনুষ্ঠানে অংশ নেওয়া সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
মন্তব্য করুন