প্রথমবারের মত চ্যাম্পিয়ন হল বাংলাদেশের যুবারা। যুব এশিয়া কাপে প্রথম শিরোপার লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতকে গুড়িয়ে অনূর্ধ্ব-১৯ টাইগারদের বড় জয়।
জুনিয়র টাইগারদের দেয়া ২৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪.৫ ওভারে ৮৭ রানে গুটিয়ে যায় আমিরাতের ইনিংস। ফলে ১৯৫ রানের বড় জয় পায় বাংলাদেশ।
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে রোববার (১৭ ডিসেম্বর)ফাইনাল লড়াইয়ে টস জিতে আমিরাত। অধিনায়ক আফজাল খান টাইগার যুবাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
দ্বিতীয় ইনিংসে টাইগার যুবাদের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি স্বাগতিক আরব আমিরাত। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আরিয়ানস শর্মা ও আকসাত রয়। শুরুতেই এ জুটিতে আঘাত হানেন মারুফ মৃধা। ব্যক্তিগত ১১ রানে সাজঘরে ফেরেন আকসাত।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আমিরাত। এদিন স্বাগতিকদের ৯ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। তানিশ সুরি (৪), ইথান ডি’সুজা (৪), আয়ান আফজাল (৫), ইয়াহিন রয় (৬) ও আম্মার বাদামির (০) মতো ব্যাটাররা ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন। ধ্রুব প্রশারের অপরাজিত ২৫ রানটি স্রেফ হারের ব্যবধান কমিয়েছে আমিরাত।
বাংলাদেশের মারুফ মৃধা ও রণৌত উল্লাহ বর্ষণ প্রত্যেকে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন।
শুরুতে উইকেট হারানো দলের হাল ধরেন আশিকুর রহমান শিবলি ও চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় উইকেটে শিবলি ও রিজওয়ান ১২৫ রানের বড় জুটি গড়েন। ব্যক্তিগত ৬০ রানে আউট হন রিজওয়ান। এরপর তৃতীয় উইকেটে আসে ৮৬ রান। যেখানে ৪০ বলে ৫০ রানের দারুণ এক ইনিংস উপহার দেন আরিফুল।
ইনিংসের শেষদিকে অধিনায়ক রাব্বি ছাড়া আর কেউই বলার মতো ইনিংস খেলতে পারেননি। ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। তবে সবাইকে ছাপিয়ে এদিনও আলো ছড়িয়েছেন শিবলি। ১২৯ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান এ ওপেনার। শেষ পর্যন্ত ১৪৯ বলে ১২৯ রান করেন শিবলি। যুব এশিয়া কাপের চলতি আসরে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। আরব আমিরাতের হয়ে আয়মান আহমেদ চারটি, এমিদ রহমাদ দুটি এবং হার্দিক পাই ও ধ্রুব পরশর একটি করে উইকেট লাভ করেন।
মন্তব্য করুন