
‘স্নেইলব্রুক’নামের একটি নিজের শহর বানাতে চান বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, রকেট কোম্পানি স্পেসএক্স ও সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক । গত বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানের কর্মীদের বসবাস ও কাজ করার সুবিধার্থেই নিজস্ব এ শহর গড়ে তুলতে চান ইলন মাস্ক।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসে ইলন মাস্কের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান জমি অধিগ্রহণ করতে শুরু করেছে। এখন পর্যন্ত টেক্সাসের অস্টিন শহরে সাড়ে তিন হাজার একর জমি অধিগ্রহণ করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান। সেখানে যে শহরটি গড়ে তোলা হবে, তার নাম হতে পারে ‘স্নেইলব্রুক’। এ ছাড়া প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ নানা ই-মেইল ও জমির মালিকদের সাক্ষাৎকারের তথ্যও দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইলন মাস্ক তাঁর বোরিং কোম্পানি, টেসলা ও স্পেসএক্সের কর্মীদের এ শহরে রাখতে পারবেন। কর্মীরা কম ভাড়ায় এ শহরে বাস করতে পারবেন। অস্টিনে ইলন মাস্কের তিনটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কারখানা রয়েছে। মাস্কের এই নতুন শহরে ১০০-এর বেশি বাড়ি, সুইমিংপুল, খেলাধুলার জায়গার মতো সুবিধা থাকবে। এ ছাড়া একটি শহরের প্রয়োজনীয় সব সুবিধাও থাকবে সেখানে। আর মাস্কের সব সংস্থার দপ্তরও থাকবে এই এলাকার কাছাকাছি।
মন্তব্য করুন