অবশেষে কাঙ্ক্ষিত স্বপ্ন এসে ধরা দিল রদ্রি হার্নান্দেজের কাছে। ৬৪ বছর পর কোনো স্প্যানিশ তারকার হাতে উঠল ব্যালন ডি’অর।
সোমবার রাতে প্যারিস থিয়েটারে ব্যালন ডি’অরজয়ী ঘোষণা করা হয় রদ্রিকে। তৃতীয় স্প্যানিশ ফুটবলার হিসেবে বছরের সেরা পারফরমারের পুরস্কারটি জেতেন তিনি। ম্যানচেস্টার সিটির প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। রদ্রির আগে সর্বশেষ ১৯৬০ সালে স্প্যানিশ তারকা হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন লুইস সুয়ারেজ। আর স্পেনের প্রথম ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেদে ডি স্টেফানো। এই তারকা ব্যালন ডি’অর জিতেছিলেন দুবার, ১৯৫৭ ও ১৯৫৯ সালে।
ব্যালন ডি’অর জিতে রদ্রি বলেন, আমার, আমার পরিবার এবং দেশের জন্য একটি বিশেষ দিন। শুধু আমার বিজয় নয়, এটি স্প্যানিশ ফুটবলের, অনেক খেলোয়াড়ের জন্য যারা এটি জিতেনি কিন্তু প্রাপ্য ছিল। যেমন (আন্দ্রেস) ইনিয়েস্তা, জাভি (হার্নান্দেজ), ইকার (ক্যাসিলাস), সার্জিও বুসকেটসসহ অনেকে। এটা স্প্যানিশ ফুটবলের এবং মিডফিল্ডারের বিজয়। প্রসঙ্গত, গত মৌসুমে চারটি শিরোপা জিতেছেন রদ্রি হার্নান্দেজ। স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ আর ম্যানসিটির জার্সিতে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।
মন্তব্য করুন