সাইবার হামলার পর ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে এক দিনে ৩৬০ কোটি ডলারের বেশি অর্থ তুলে নিয়েছেন গ্রাহকরা। ১ নভেম্বর লেনদেন পুনরায় চালুর পর সকাল ৬টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত গ্রাহকরা ৪৬৪ কোটি ৯০ লাখ ডলারের সম্পদ তুলে নেন। একই সময়ে জমা পড়ে ১০১ কোটি ডলার। ফলে নিট অর্থ উত্তোলনের পরিমাণ দাঁড়ায় ৩৬৪ কোটি ডলার।
সাইবার হামলার পর নিরাপত্তার কারণে বাইন্যান্স সাময়িকভাবে সব ধরনের লেনদেন বন্ধ রেখেছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদের প্রায় ৯৫ শতাংশের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। বাকি অর্থের সংস্থান করতে আরও সময় লাগতে পারে। তবে গ্রাহকদের আর্থিক ক্ষতির পুরো দায় বহনের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
বাইন্যান্স জানিয়েছে, লেনদেন চালুর পরপরই অর্থ উত্তোলন বেড়ে গেলেও পরে তা কমে আসে এবং পরিস্থিতি প্রত্যাশা অনুযায়ী স্থিতিশীল হচ্ছে। নিট উত্তোলনের পরিমাণ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় থাকা ১৭ হাজার ১০০ কোটি ডলারের সম্পদের ২ শতাংশের কিছু বেশি।
হামলার জন্য এফবিআইসহ একাধিক সংস্থা উত্তর কোরিয়ার সাইবার অপরাধী গোষ্ঠী ট্রেডারট্রেইটরকে দায়ী করেছে। গোষ্ঠীটি লাজারাস গ্রুপ নামেও পরিচিত। বাইন্যান্সের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এক প্রকৌশলীর ল্যাপটপ হ্যাক হওয়ার মাধ্যমে হামলার সূত্রপাত এবং পরে হ্যাকাররা অননুমোদিত লেনদেনের সুযোগ তৈরি করে।
বাইন্যান্স জানিয়েছে, তাদের বৈশ্বিক প্ল্যাটফর্ম Binance.com এই হামলায় আক্রান্ত হলেও যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য পরিচালিত প্ল্যাটফর্মটি আক্রান্ত হয়নি। বিটকয়েন ও ইথেরিয়ামসহ দুই ডজনের বেশি প্রধান ক্রিপ্টোকারেন্সির উত্তোলন পুনরায় চালু হয়েছে। নিরাপত্তা যাচাই শেষে অন্যান্য সেবাও পর্যায়ক্রমে চালু করা হবে।
চুরি হওয়া সম্পদের ক্ষতিপূরণ দিতে করপোরেট তহবিল, ফিউচার্স ইন্স্যুরেন্স ও জরুরি রিজার্ভ ব্যবহার করছে বাইন্যান্স। প্রতিষ্ঠানটির দাবি, গ্রাহকদের ক্ষতির পুরো দায় তারা বহন করবে।
মন্তব্য করুন