যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবক মোহাম্মদ হাচিবুর রহমানের বিরুদ্ধে ফেডারেল মামলা হয়েছে। ৩৩ বছর বয়সী রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি মার্কিন নাগরিক না হওয়ার বিষয়টি জানা সত্ত্বেও ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে ভোট দিয়েছিলেন।
মেরিল্যান্ড জেলার মার্কিন অ্যাটর্নির কার্যালয় ২৭ অক্টোবর এ মামলার তথ্য প্রকাশ করে। মেরিল্যান্ডের মার্কিন অ্যাটর্নি কেলি ও. হেইস এবং এফবিআই বাল্টিমোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিমি পল বিষয়টি জানান। মামলাটি পরিচালনা করছেন সহকারী মার্কিন অ্যাটর্নি ফিলিপ মোটজ। তদন্তে এফবিআই ও ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ওয়াশিংটন কার্যালয় সহায়তা করেছে।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনেট ও প্রতিনিধি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে রহমান কীভাবে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছিলেন, কোথায় ভোট দিয়েছিলেন বা তার ভোট নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব ফেলেছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
মার্কিন ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার জন্য নাগরিকত্ব প্রয়োজন। তাই নাগরিক না হয়েও ভোট দেওয়ার অভিযোগ গুরুতর হলেও, মামলা হওয়া মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত রহমানকে আইন অনুযায়ী নির্দোষ হিসেবে বিবেচনা করতে হবে।
মন্তব্য করুন