যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে মিশিগানের হ্যামট্রাম্যাক শহরে ডেমোক্রেটিক পার্টির ২২টি ক্লাব ও ককাসের যৌথ উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর রোববার স্থানীয় গেইট অব কলম্বাসে বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক ককাসের (বিএডিসি) ব্যানারে আয়োজিত এ সমাবেশে ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা, নির্বাচনী প্রার্থী এবং তাঁদের সমর্থকেরা অংশ নেন। বাংলাদেশি আমেরিকানসহ বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর ও সেক্রেটারি অব স্টেট প্রার্থী গারলিন গিলক্রিস্ট, মার্কিন কংগ্রেসওম্যান রাশিদা তালিব, অ্যাটর্নি জেনারেল প্রার্থী এলি সাভিট, কংগ্রেসওম্যান ডেবি ডিঙ্গেল, মিশিগান হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য ডোনাভান ম্যাককিনি, স্টেট সিনেটর স্টেফানি চ্যাং, স্টেট সিনেটর ম্যালরি ম্যাকমরোসহ ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এ ছাড়া মিশিগান সুপ্রিম কোর্টের বিচারপতি প্রার্থী নুহা হুড, স্টেট রিপ্রেজেন্টেটিভ টোনিয়া মেয়ার ফিলিপস, স্টেট বোর্ড অব এডুকেশনের প্রার্থী টিফানি টিলি ও জুডি প্রিচেটসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা সমাবেশে অংশ নেন। মার্কিন সিনেট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আবদুল এল-সাঈদ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানো এবং নির্বাচনী প্রচার জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, নির্বাচনের আগে ভোটারদের কাছে পৌঁছানো, ভোটদানের পদ্ধতি সম্পর্কে সচেতন করা এবং আগাম ভোট দেওয়ার সুযোগ সম্পর্কে জানানো জরুরি। এ লক্ষ্যে বিভিন্ন কমিউনিটির সঙ্গে যোগাযোগ বাড়াতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিশিগান ডেমোক্রেটিক পার্টির সেকেন্ড ভাইস চেয়ার ড. নাজ হাসান। বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাসের সভাপতি সাদেক রহমান, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মুহিত মাহমুদ, সেক্রেটারি মাশকুর কাউসারসহ সংগঠনের অন্যান্য নেতারা পর্যায়ক্রমে অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং অতিথিদের পরিচয় করিয়ে দেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডেমোক্রেটিক পার্টির ২২টি ক্লাব ও ককাসের সমন্বয়ে এ নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। এর অন্যতম উদ্দেশ্য ছিল বিভিন্ন জাতিগোষ্ঠী ও কমিউনিটির ভোটারদের সঙ্গে নির্বাচনী প্রার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা।
সমাবেশে বাংলাদেশি আমেরিকানদের পাশাপাশি মিশিগানের বিভিন্ন কমিউনিটির রাজনৈতিক নেতা, সংগঠক ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন আগামী ৩ নভেম্বরের নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের নির্বাচনী প্রচার এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করার আহ্বানের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।
মন্তব্য করুন