হলুদ পাতায় হেমন্ত
জাহাঙ্গীর চৌধুরী
হেমন্তের সাজ সোনা ধানে
হলুদ পাতায় পাতায়,
তার উপরে ঘাসফড়িং সব
লম্বা পায়ে লাফায়।
ধানশালিকের মনে আমোদ
পালে পালে উড়ে,
সবুজ মনের ছেলেমেয়ে
ধরতে ভীষণ দৌড়ে।
হেমন্তের রঙ লেগেছে আজ
কৃষকের দুই চোখে,
হাসির রেখা ফুটেছে বেশ
কৃষাণীদের মুখে।
হেমন্তের রূপ দেখে বাউল
নবান্নের গান শোনায়,
বাঙালি খুব উৎসব মুখর
শহর নগর আর গাঁয়।
মন্তব্য করুন