নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে নতুন মাইলফলক তৈরি হলো প্রাইজমানিতে। পুরুষদের আসরকেও ছাড়িয়ে গেছে এবারের আসর, যেখানে আইসিসি ঘোষণা করেছে রেকর্ড ১৩.৮৮ মিলিয়ন ডলার পুরস্কার। ২০২২ সালে যা ছিল মাত্র ৩.৫ মিলিয়ন ডলার, এবার তা প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে।
এই অঙ্ক পুরুষদের সর্বশেষ বিশ্বকাপের ১০ মিলিয়ন ডলারকেও ছাড়িয়ে গেছে। আইসিসি একে নারীদের ক্রিকেটে এক ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘নারীদের ক্রিকেটের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রাইজমানি বৃদ্ধির মাধ্যমে আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি—নারীরা পেশাদারভাবে ক্রিকেট বেছে নিলে তাদের পুরুষদের সমান মর্যাদা দেওয়া হবে।’
এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার, যা ২০২২ সালে অস্ট্রেলিয়ার পাওয়া ১.৩২ মিলিয়নের তুলনায় ২৩৯ শতাংশ বেশি। রানার্সআপ দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার, যেখানে ইংল্যান্ড গত আসরে পেয়েছিল মাত্র ৬ লাখ ডলার। পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচটি হবে কলম্বোয়, অন্যথায় মুম্বাইতে।
মন্তব্য করুন