নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য স্বল্পমূল্যে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর ম্যাচ দেখার সুযোগ নিয়ে বিশেষ টিকিট লটারি কর্মসূচির ঘোষণা দিয়েছে নিউইয়র্ক সিটি প্রশাসন। নতুন এই উদ্যোগের আওতায় নির্বাচিত আবেদনকারীরা মাত্র ৫০ ডলারে বিশ্বকাপের নির্দিষ্ট কিছু ম্যাচের টিকিট কেনার সুযোগ পাবেন।
নিউইয়র্ক সিটির মেয়র Zohran Mamdani জানান, সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য মোট এক হাজার সাশ্রয়ী টিকিট সংরক্ষণ করা হয়েছে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে MetLife Stadium-এ। সাতটি ম্যাচের জন্য এসব টিকিট বরাদ্দ থাকবে, যার মধ্যে রয়েছে পাঁচটি গ্রুপ পর্বের ম্যাচ এবং দুটি নকআউট পর্বের খেলা।
প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ ডলার। তবে এই বিশেষ কর্মসূচির আওতায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ রাখা হয়নি। এছাড়া নির্বাচিত দর্শকদের জন্য মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াতের বিনামূল্যে বাস সুবিধাও রাখা হয়েছে। সিটি প্রশাসনের তথ্য অনুযায়ী, লটারির আবেদন শুরু হবে আগামী ২৫ মে সকাল ১০টা থেকে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তবে আবেদন গ্রহণের নির্দিষ্ট ওয়েবসাইটের ঠিকানা পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এই কর্মসূচিতে কেবল নিউইয়র্ক সিটির বাসিন্দারাই আবেদন করতে পারবেন। আবেদনকারীদের পরিচয় ও ঠিকানা যাচাই করা হবে। প্রতিদিন একজন ব্যক্তি একবার করে আবেদন করার সুযোগ পাবেন। একাধিক আবেদন করলে তা বাতিল হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিতদের কাছে ইমেইল বা ফোনে যোগাযোগ করা হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে টিকিট কেনার সুযোগ পাবেন বিজয়ীরা।
মেয়র মামদানি বলেন, বিশ্বকাপের টিকিটের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই কর্মজীবী ও মধ্যবিত্ত ফুটবলপ্রেমীদের কথা বিবেচনায় এনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির সময় দেখা যাচ্ছে টিকিটের দাম কয়েকশ থেকে হাজার ডলার পর্যন্ত পৌঁছে গেছে। অথচ অসংখ্য মানুষ জীবনে একবার হলেও বিশ্বকাপের ম্যাচ মাঠে বসে দেখতে চান।
সাম্প্রতিক বিভিন্ন মূল্যতালিকা অনুযায়ী, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত কিছু ম্যাচের সাধারণ ক্যাটাগরির টিকিটের দাম ২২০ থেকে ৪১৫ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পুনরায় বিক্রির বাজারে এসব টিকিটের দাম আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘোষণার অনুষ্ঠানে Tim Weah এবং Alex Lasry উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিউইয়র্কের বহুজাতিক সম্প্রদায়ের ফুটবল উন্মাদনা এবং বিশ্বকাপ ঘিরে বাড়তে থাকা আগ্রহের বিষয়টিও তুলে ধরা হয়।
মন্তব্য করুন