শঙ্কিত মন সেই মেয়েটির
মামুন জামিল
মেয়েটি খুব বোকা ছিলো এবং
ছিলো সহজ সরল
হৃদয় ছিলো খোলা আকাশ, জলের মত স্বচ্ছ তরল!
বাবা মায়ের ন্যাওটা ছিলো, ভাইয়ের ছিলো চোখের তারা
সবারই খুব প্রিয় ছিলো আত্মীয় স্বজন বন্ধু যারা!
নম্র ভদ্র বলতে যাহা এই মেয়েকেই পড়তো চোখে
এই মেয়েটাই থাকত পাশে পাড়াপড়শীর সুখে দুখে!
সবার কাছে প্রিয় মেয়ের স্বপ্ন ছিলো দুচোখ ভরে
রাজকুমার এক নিয়ে যাবে সঙ্গী সেজে ঘোড়ায় চড়ে !
হাওয়ার বেগে পাড়ি দিবে সাত সমুদ্দুর তেরো নদী
রাজপ্রাসাদে কাটবে তাহার রাণীর বেশে নিরবধি!
কিন্তু হঠাৎ সেই মেয়েটির সরল জীবন স্তব্ধ হলো
ভেঙে দিলো স্বপ্ন বাসর মানুষ রূপি পিশাচ গুলো !
থেকে থেকে চমকে উঠে,বুক কাঁপে তার দুরুদুরু
দেখে কোনো পুরুষ মানুষ,আপনজন কি শিক্ষাগুরু !
শঙ্কিত মন মেয়ের এখন সময় কাটে একলা একা
আগের মত রাজকুমারও স্বপ্নে এসে দেয় না দেখা!
মন্তব্য করুন