ফুটবল বিশ্বে নেইমারের প্রতিভা নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি। মাঠে তাঁর দক্ষতা এবং নৈপুণ্যে মুগ্ধ হয়েছে কোটি ভক্ত। তবে ২০২৬ সালের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলতে চাইলে শুধু প্রতিভা নয়, এবার বড় চ্যালেঞ্জ ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন, শারীরিকভাবে ফিট না হলে নেইমারের জায়গা হবে না বিশ্বকাপ দলে।
সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, “শারীরিকভাবে ভালো অবস্থায় জাতীয় দলে প্রত্যেকে নেইমারকে দেখতে চায়। আমি তার সঙ্গে কথা বলেছি এবং বলেছি, বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতির জন্য যথেষ্ট সময় রয়েছে। নিজের সেরাটা দিয়ে দলকে সহায়তা করার জন্য তাঁকে এখন থেকেই ফিটনেসের দিকে মনোযোগী হতে হবে।”
আনচেলত্তি আরও যোগ করেন, “নেইমারের প্রতিভা নিয়ে আমরা কোনো সন্দেহ করি না। তবে আধুনিক ফুটবলে প্রতিভার সঙ্গে শারীরিক শক্তিও সমান জরুরি। সে যদি ফিট থাকে, তবে দলে জায়গা পাওয়া তার জন্য কোনো সমস্যাই হবে না।”
পুরো ক্যারিয়ারে ইনজুরির সঙ্গে লড়াই করেছেন নেইমার। অনেকবার চোট কাটিয়ে মাঠে ফিরলেও দীর্ঘ সময় ধরে খেলার সুযোগ তিনি ধরে রাখতে পারেননি। ৩৩ বছর বয়সে এসে এবার তাঁকে আরও কঠোর পরিশ্রম করতে হবে ফিটনেস ধরে রাখতে।
এবার ব্রাজিল দলে তার ভূমিকা নিয়েও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ আনচেলত্তি। তিনি জানান, “নেইমারকে এখন মিডফিল্ড বা স্ট্রাইকার হিসেবে দেখা যাবে। উইংয়ে খেলার মতো শারীরিক সক্ষমতা তাঁর আর নেই। তবে একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।”
আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। তার আগে প্রীতি ম্যাচগুলোতেও মাঠে নামার সুযোগ পাবেন নেইমার। এর মধ্যে আগামী ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর জাপানের বিপক্ষে এশিয়াতে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল।
ফুটবল ভক্তদের আশা, ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নেইমার আবারও মাঠ মাতাবেন এবং বিশ্বকাপে ব্রাজিলকে নেতৃত্ব দেবেন আক্রমণভাগে।
মন্তব্য করুন