আমেরিকার অভিবাসন ব্যবস্থায় এক বড় ধরনের পরিবর্তনের চিত্র ফুটে উঠেছে। সাম্প্রতিক এক সরকারি ডাটা বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব (Naturalization) আবেদনের অনুমোদন প্রায় ৭৫ শতাংশ কমে গেছে। একই সাথে নাটকীয়ভাবে বেড়েছে আবেদন প্রত্যাখ্যানের হার, যা বর্তমান প্রশাসনের চরম কঠোর স্ক্রিনিং ও যাচাই-বাছাই প্রক্রিয়ার বাস্তব রূপকে স্পষ্ট করে তুলেছে।
ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS)-এর এপ্রিল-জুন ত্রৈমাসিকের প্রকাশিত অফিশিয়াল তথ্য অনুযায়ী, এই সময়ে সংস্থাটি প্রায় ৭১,০০০ নাগরিকত্ব আবেদন নিষ্পত্তি করেছে। অথচ গত বছরের একই সময়ে এই সংখ্যাটি ছিল প্রায় ২৬৫,০০০। যেখানে আগে প্রতি মাসে গড়ে প্রায় ৭০,০০০ আবেদন অনুমোদিত হতো, বর্তমানে তা কমে মাসে মাত্র ২২,০০০-এ নেমে এসেছে।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নতুন নীতিমালার আওতায় প্রতিটি ফাইলের ব্যাকগ্রাউন্ড চেক, ট্যাক্স রেকর্ড এবং পূর্ববর্তী রিফিউজি বা অ্যাসাইলাম ক্লেম অত্যন্ত কঠোরভাবে অডিট করা হচ্ছে। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের একজন বিশ্লেষক জানান, “আগে যেভাবে সহজে আবেদন অনুমোদন বা ‘রাবার স্ট্যাম্প’ করা হতো, বর্তমান প্রশাসন সচেতনভাবেই সেই প্রথা থেকে সরে এসেছে। এখন প্রতিটি ফাইলকে চরম সন্দেহ নিয়ে যাচাই করা হচ্ছে, যার ফলে ছোটখাটো ভুলের জন্যও আবেদন সরাসরি বাতিল হয়ে যাচ্ছে।”
সরকারি তথ্য বলছে, গত কোয়ার্টারে নিষ্পত্তি হওয়া ১৪০,১৭৯টি অ্যাপ্লিকেশনের মধ্যে ১২,৫৯১টি আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। এর ফলে জাতীয়ভাবে নাগরিকত্ব বাতিলের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৯ শতাংশে অর্থাৎ প্রতি ৫ জন আবেদনকারীর মধ্যে ১ জনের আবেদন বাতিল হচ্ছে, যা বছরের শুরুতে ছিল মাত্র ১৩ শতাংশ। লস অ্যাঞ্জেলেসের মতো বড় বড় শহরগুলোতে এই রিজেকশনের হার দ্বিগুণেরও বেশি বেড়েছে।
এই কড়াকড়ির কারণে আইনি অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার পথ দীর্ঘ হচ্ছে এবং আবেদনের বিশাল জট (Backlog) তৈরি হচ্ছে। বর্তমানে ৭২৭,০০০-এরও বেশি আবেদন অনুমোদনের অপেক্ষায় ঝুলে রয়েছে। আগে যেখানে নাগরিকত্ব পেতে ৫ থেকে ৬ মাস সময় লাগতো, এখন আবেদনকারীদের গড়ে ১৩ মাস বা তার বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে।
এর পাশাপাশি, অতিরিক্ত স্ক্রিনিংয়ের খরচ মেটাতে নাগরিকত্ব আবেদনের (Form N-400) ফি এক লাফে বিপুল পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছে সংস্থাটি। নতুন প্রস্তাব অনুযায়ী, কাগজের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে ফি ৭৫% বাড়িয়ে ১,৩৩০ এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে ৮০% বাড়িয়ে ১,২৮০ করার কথা বলা হয়েছে। সমালোচকরা মনে করছেন, এই ফি বৃদ্ধির ফলে কম আয়ের বৈধ অভিবাসীদের জন্য আমেরিকার নাগরিক হওয়া আরও কঠিন হয়ে পড়বে।
মন্তব্য করুন