যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলার মুখোমুখি হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস।
শনিবার ১৭ অক্টোবর দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন।
দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদনকারীদের অভিবাসন-সংক্রান্ত তথ্য কনস্যুলার কর্মকর্তারা পর্যালোচনা করতে পারেন। অতীতে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন বা বিধি লঙ্ঘনের কোনো ঘটনা থাকলেও তা কর্মকর্তাদের নজরে আসতে পারে। এ ক্ষেত্রে ‘অনিচ্ছাকৃত ভুল’ গ্রহণযোগ্য হবে না বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।
এর আগে ১০ অক্টোবর দেওয়া আরেকটি পোস্টেও যুক্তরাষ্ট্রের ভিসা ও দেশটিতে প্রবেশের ক্ষেত্রে আইন মেনে চলার বিষয়ে সতর্ক করে দূতাবাস। সেখানে বলা হয়, শারীরিক আক্রমণ, চুরি, ডাকাতি বা অনুপ্রবেশের মতো অপরাধে জড়িত হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন।
দূতাবাসের ওই বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং দেশটিতে আগত সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছ থেকে দেশটির আইন মেনে চলার প্রত্যাশা করে। দূতাবাসের সাম্প্রতিক সতর্কবার্তায় ভিসার অনুমোদিত সময়সীমা মেনে চলা এবং অতীতের অভিবাসন-সংক্রান্ত তথ্য সঠিকভাবে উপস্থাপনের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
মন্তব্য করুন