নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) দশম বার্ষিকী অ্যাওয়ার্ডস ডিনার অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও তাঁদের পরিবার এবং বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনসহ ছয় শতাধিক অতিথির উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে পেশাগত সাফল্য, নেতৃত্ব ও জনসেবায় অবদানের জন্য পুলিশ কর্মকর্তা ও কমিউনিটির বিভিন্ন ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।
৯ অক্টোবর শুক্রবার নিউইয়র্কের কুইন্সের দা মিকেল ইলাজিও পার্টি হলে এ আয়োজন করা হয়। পুলিশ সদস্য, কমিউনিটি নেতা, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ইমাম তাহির কুকিকির পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম প্রিন্স আলম স্বাগত বক্তব্যে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পুলিশ বিভাগ ও কমিউনিটির মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা এস. টিশ এনওয়াইপিডিতে কর্মরত বাংলাদেশি-আমেরিকান সদস্যদের নিষ্ঠা, পেশাদারত্ব ও জনসেবার প্রশংসা করেন। তিনি জানান, এনওয়াইপিডিতে দুই হাজারের বেশি বাংলাদেশি-আমেরিকান সদস্য কর্মরত রয়েছেন। নিউইয়র্কের বহুজাতিক সমাজে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও উল্লেখ করেন তিনি। এ সময় ডিটেকটিভ দিদারুল ইসলামের আত্মত্যাগ ও অবদানের কথাও বিশেষভাবে স্মরণ করেন পুলিশ কমিশনার।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন পুলিশ কমিশনার জেসিকা এস. টিশ। ম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন চিফ অব ট্রানজিট জোসেফ এম. গুলোট। উইম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ডেপুটি কমিশনার মারিয়া সি. ওতেরো এবং অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন ডেপুটি চিফ ব্রায়ান ও’সুলিভান। কমান্ডিং অফিসার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ ইসলাম। পিবিএ প্রেসিডেন্ট প্যাট্রিক হেনড্রিক পেয়েছেন লিডারশিপ অ্যাওয়ার্ড এবং ডেপুটি ডিরেক্টর হরজিন্দর সিং পেয়েছেন সিভিলিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড।
কপ অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন সার্জেন্ট ওমর ভূঁইয়া ও পুলিশ অফিসার আবির আহমেদ। কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ফয়সাল আজিজকে। নিজ নিজ ক্ষেত্রে পেশাগত অর্জন, নেতৃত্ব এবং জনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের হাতে এসব সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে গ্র্যান্ড স্পনসরের বক্তব্য ও ভিডিও উপস্থাপনার পাশাপাশি বাপার নির্বাহী কমিটি ও ট্রাস্টি বোর্ডের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এসডিএস এরশাদুর সিদ্দিকী সদস্যদের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং কমিউনিটির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
বাপার সাধারণ সম্পাদক ডিটেকটিভ জামিল সরেয়ার আয়োজন সফল করতে সহযোগিতার জন্য স্পনসর, স্বেচ্ছাসেবক, অতিথি ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বও পরিচালনা করেন। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী শুভ্রদেব এবং প্রবাসের পরিচিত শিল্পী রাজীব ভট্টাচার্য ও শশী। তাঁদের পরিবেশনা ও ডিজে পর্বে অতিথিরা আনন্দে অংশ নেন।
বাপার মিডিয়া লিয়াজোঁ সার্জেন্ট জসিম মিয়া ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন। তাঁর মতে, এ ধরনের আয়োজনের মাধ্যমে পুলিশ বিভাগ ও বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।
মন্তব্য করুন