ভেনিজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সাধারণ নাগরিকদের মতামত সংগ্রহের উদ্যোগ নিয়েছেন নোবেলজয়ী বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। দেশজুড়ে এবং বিদেশে বসবাসরত ভেনিজুয়েলার নাগরিকদের কাছ থেকে গণতান্ত্রিক সংস্কার, বিচারব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মজুরি, পেনশন ও নির্বাচন নিয়ে প্রস্তাব সংগ্রহ করছে তার দল। রাজধানী কারাকাসের কাছের একটি শ্রমজীবী এলাকায় নির্বাচনের সময় সম্পর্কে জানতে চাইলে বাসিন্দারা সমস্বরে আগামীকাল, আগামীকাল বলে জবাব দেন। তাদের এ প্রতিক্রিয়ায় স্পষ্ট হয়ে ওঠে, যত দ্রুত সম্ভব দেশে নির্বাচন চান তারা।
যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার ১১ মাস পর এ উদ্যোগ নিয়েছেন মাচাদো। তার দলের আশা, কয়েক মাস ধরে চলা এই পরামর্শ কার্যক্রমে ১০ লাখের বেশি মানুষ অংশ নেবেন। গত অক্টোবরে নির্বাসন থেকে দেশে ফেরেন মাচাদো। তবে যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী সরকার ও বিরোধী দলগুলোর একটি অংশের মধ্যে চলমান ক্ষমতা হস্তান্তরবিষয়ক আলোচনায় তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। এরপরও সাধারণ মানুষকে উদ্যোগে যুক্ত করতে কারাকাসের কাছের পেতারেসহ তিনটি শ্রমজীবী এলাকায় যান তিনি।
মাচাদো সেখানে পৌঁছালে স্বাধীনতার স্লোগানে তাকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। অনেকে তাকে জড়িয়ে ধরেন, চুম্বন করেন। কেউ আবেগে কেঁদে ফেলেন, আবার কেউ তার সঙ্গে ছবি তুলতে আগ্রহী হন। কাম্পো-রিকো এলাকার একটি ছোট বারান্দায় প্রায় ৩০ জন মানুষ বড় একটি কম্পিউটার পর্দার সামনে জড়ো হয়ে মাচাদোর দলের তৈরি ‘পুন্তো দে আকুয়েরদো’ বা সমঝোতার জায়গা নামের অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ২০টি প্রশ্নের উত্তর দেন। প্রশ্নমালায় বিচারব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মজুরি ও পেনশন, সরকারি-বেসরকারি খাতের ভূমিকা এবং নির্বাচনসহ রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।
অংশগ্রহণকারীরা একমত হন, ২০২৭ সালের প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তবে মাদুরোর উত্তরসূরি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভোট আয়োজনের প্রতিশ্রুতি দিলেও এ বিষয়ে সময়ক্ষেপণ করছেন বলে মনে করা হচ্ছে। ২০২৪ সালের ভেনিজুয়েলার নির্বাচনে বিরোধী দল প্রায় ৮০ শতাংশ ভোটকেন্দ্রের ফলাফলপত্র সংগ্রহ করেছিল। এসব ফলাফলপত্রে তাদের প্রার্থী বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বলে দেখা যায়। তবে সাইবার হামলার অজুহাত দেখিয়ে সরকার কখনোই নির্বাচনের বিস্তারিত ফলাফল প্রকাশ করেনি।
সামাজিক আন্দোলনকর্মী জোনাতান মোলানো বলেন, স্থানীয় বাসিন্দারা ভোটের ফলাফলপত্র সংগ্রহ করেছিলেন এবং তারাও নাগরিক সমাবেশের অংশ। এখন তারা ভবিষ্যতের দেশ কীভাবে গড়ে তোলা যায়, তা নিয়ে আলোচনা করছেন। সম্ভাব্য সরকারের জন্য বিভিন্ন ধারণা ও প্রস্তাব তুলে ধরছেন তারা।
সঙ্কট মোকাবেলায় উদ্যোগ
নির্বাসন থেকে দেশে ফেরার পর মাচাদো তার সমর্থকদের সংগঠিত করার পাশাপাশি নিজ দলের বাইরের মানুষকেও ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন। বুধবার শিক্ষার্থীদের সঙ্গে এক সভায় তিনি রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় ক্ষোভ ছাড়াই সত্য এবং প্রতিশোধ ছাড়াই বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। মাচাদো বলেন, পুন্তো দে আকুয়েরদো কর্মসূচির লক্ষ্য হলো একই পরিকল্পনার আওতায় সব ভেনিজুয়েলানকে ঐক্যবদ্ধ করা। পশ্চিম কারাকাসের শ্রমজীবী এলাকা লা ভেগায় একটি নাগরিক সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক উদ্যোগ এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের বাস্তব উদাহরণ। নতুন প্রজাতন্ত্রের ভিত্তি তৈরি হবে এই উদ্যোগের মধ্য দিয়েই।
দেশটির চলমান সঙ্কট তুলে ধরে মাচাদো বলেন, প্রায় ৪০ লাখ শিশু স্কুলে যায় না। অবসরপ্রাপ্ত ব্যক্তিরা মাসে মাত্র এক ডলার পেনশন পান, যা দিয়ে ওষুধ কেনাও কঠিন। অনেক এলাকায় ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এসব জরুরি পরিস্থিতি মোকাবেলা করে মানুষের যত্ন নেওয়ার মধ্য দিয়ে দেশকে আবার সচল করতে হবে। পুন্তো দে আকুয়েরদো’ প্ল্যাটফর্মের মহাপরিচালক ফাবিও ভ্যালেন্তিনি বলেন, নাগরিকদের কাছ থেকে সংগ্রহ করা মতামত ও প্রস্তাব মারিয়া কোরিনার সরকারের কর্মসূচি প্রণয়নে ভূমিকা রাখবে। এ পর্যায়ে মানুষের কাছে জানতে চাওয়া হচ্ছে, প্রজাতন্ত্রের ভিত্তি নির্ধারণকারী গুরুত্বপূর্ণ নীতিমালা সম্পর্কে তাদের মতামত কী।
২০ বছর বয়সী স্থাপত্যের শিক্ষার্থী হোর্হে পুলিদো শ্রমজীবী এলাকা আন্তিমানোর একটি বাড়ির ছাদে মাচাদোর সঙ্গে দেখা করে আবেগাপ্লুত হন। প্রশ্নমালা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এতে পুরো দেশের বিষয়গুলো ভালোভাবে উঠে এসেছে এবং সব নাগরিক অংশ নিচ্ছেন। সবাই যেন একটি পরিবারের সদস্য। এ প্রক্রিয়া এগিয়ে নিতে তাদের নেতা মারিয়া কোরিনার সমর্থন এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। ২০০৬ সালে জন্ম নেওয়া পুলিদো বলেন, জীবনের পুরোটা সময় তিনি চাভিস্তা সরকারের কারণে সৃষ্ট বিপর্যয় দেখেই বড় হয়েছেন।
এদিকে ৬৬ বছর বয়সী অবসরপ্রাপ্ত কর্মী এদুয়ার্দো আউলার মাচাদোর বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়েন। মাসে মাত্র ২৬০ বলিভার বা ২৫ মার্কিন সেন্ট পেনশন পান তিনি। আউলার এএফপিকে বলেন, তিনি সারা জীবন গণতন্ত্রের পক্ষে ছিলেন। তার পূর্বপুরুষ ও দাদা-দাদির সময় থেকেই পরিবার গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। তার মতে, ভেনিজুয়েলায় পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রয়োজন এবং মাচাদো গণতন্ত্রের প্রতীক।
সূত্র : বাসস
মন্তব্য করুন