বাংলা সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ চান বেশির ভাগ মার্কিন নাগরিক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে মত দিয়েছেন অধিকাংশ মার্কিন ভোটার। এমনকি যুদ্ধ বন্ধ করতে গিয়ে নিজেদের অবস্থানের বিপরীত শর্ত মেনে নিতে হলেও তারা যুদ্ধের অবসান চান। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর আল জাজিরার। জরিপে অংশ নেওয়া ৫৫ শতাংশ উত্তরদাতা বলেছেন, ‘শর্ত যা-ই হোক, এখনই যুদ্ধ বন্ধ করা উচিত।’ ডেমোক্র্যাট ও স্বতন্ত্র ভোটারদের মধ্যে যুদ্ধ বন্ধের সমর্থন আরও বেশি। তাদের মধ্যে যথাক্রমে ৮০ ও ৫৯ শতাংশ যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন। রিপাবলিকান ভোটারদের মধ্যে এ হার ২৫ শতাংশ।

 

যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর চাপ তৈরির উদ্যোগও সমর্থন করছেন অধিকাংশ ডেমোক্র্যাট ভোটার। তাদের ৫৩ শতাংশ সামরিক অভিযানের জন্য অর্থ বরাদ্দ আটকে দিতে কংগ্রেসের উদ্যোগকে সমর্থন করেন। আর ৫১ শতাংশ চান, আসন্ন বাজেট আলোচনা চলাকালে ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধের দাবি তোলা হোক। এতে সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকলেও তারা এ পদক্ষেপের পক্ষে। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ‘ক্রিটিক্যাল ইস্যুজ পোল’ শীর্ষক জরিপে এসব তথ্য উঠে আসে। জরিপে যুক্তরাষ্ট্রের ১ হাজার ২২ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন।

 

জরিপে অংশগ্রহণকারীদের সামনে তিনটি বিকল্প রাখা হয়েছিল অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, সামরিক অভিযান আরও জোরদার করা অথবা ইরানের কাছ থেকে ছাড় আদায়ের লক্ষ্যে বর্তমান কৌশল অব্যাহত রাখা। এতে ২১ শতাংশ উত্তরদাতা বর্তমান কৌশল চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন। আর ১৮ শতাংশ সামরিক অভিযান বাড়ানোর পক্ষে ছিলেন। জরিপটির প্রধান গবেষক শিবলি তালহামি বলেন, শর্ত যা-ই হোক, যুদ্ধ বন্ধের পক্ষে এত বেশি মানুষের সমর্থন তাকে বিস্মিত করেছে। আল জাজিরাকে তিনি বলেন, মানুষ যুদ্ধের বিরোধিতা করছেন এবং এর অবসান চান এটা জানা ছিল। তবে যুদ্ধ বন্ধ করতে তারা কতটা ছাড় দিতে রাজি, তা নিয়ে তিনি নিশ্চিত ছিলেন না।

 

যুদ্ধের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন

যুদ্ধের পক্ষে মার্কিন সরকারের দেওয়া যুক্তি নিয়েও ভোটারদের মধ্যে সংশয় রয়েছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার বিষয়টিও রয়েছে। জরিপে মাত্র ২৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুদ্ধের ফলে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার দিক থেকে ইরান আগের চেয়ে দুর্বল অবস্থানে গেছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। তবে গোয়েন্দা মূল্যায়নে ২০০৩ সালে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগের পর তেহরান এ ধরনের অস্ত্র তৈরির অনুমোদন দিয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে হরমুজ প্রণালি। যুদ্ধ শুরুর পর বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ করে দেয় ইরান। জবাবে সেখানে নৌ অবরোধ আরোপ করে ট্রাম্প প্রশাসন। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। যুদ্ধের কারণে জ্বালানির দামও বেড়েছে। জরিপে ৩৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে। বিপরীতে মাত্র ১২ দশমিক ৭ শতাংশ মনে করেন, এর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

 

অজনপ্রিয় এই যুদ্ধ বন্ধে ডেমোক্রেটিক পার্টির করণীয় নিয়ে বিতর্কের মধ্যেই জরিপটি প্রকাশিত হলো। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে যুদ্ধবিরোধী জনমত ও জ্বালানির মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলো ডেমোক্র্যাটদের বড় জয়ে ভূমিকা রেখেছে। অন্যদিকে, আধুনিক মার্কিন ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। ডেমোক্রেটিক পার্টির যুদ্ধবিরোধী প্রগতিশীল অংশের নেতারা এই জরিপের ফলাফলকে যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলকে মার্কিন সমর্থন দেওয়ার অবসানের পক্ষে জনমতের প্রমাণ হিসেবে দেখছেন। তবে এ অবস্থানের সঙ্গে দলটির তুলনামূলক কঠোর অবস্থানের নেতাদের মতবিরোধ রয়েছে।

 

প্রতিনিধি পরিষদের নেতা হাকিম জেফ্রিস ও সিনেটর চাক শুমার যুদ্ধ বন্ধের পক্ষে কথা বললেও এ লক্ষ্য অর্জনে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে এখনো প্রতিশ্রুতিবদ্ধ হননি। এর মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অর্থায়ন বন্ধ করা কিংবা ডিসেম্বরে বাজেট আলোচনাকে কাজে লাগিয়ে হোয়াইট হাউসের ওপর চাপ তৈরির বিষয়ও রয়েছে। তালহামি বলেন, ডেমোক্রেটিক পার্টির অনেক নেতা এই ইস্যুতে জনমতের তীব্রতা উপেক্ষা করছেন। তারা নিজেদের অবস্থান পরিবর্তন না করলে জনমত থেকে পিছিয়ে পড়বেন।

 

তিনি আরও বলেন, সিনেটর বার্নি স্যান্ডার্স ও ক্রিস ভ্যান হলেনের মতো প্রগতিশীল নেতারা যুদ্ধ বন্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার পক্ষে চাপ দিচ্ছেন। সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠ নেতা হওয়ার দৌড়ে শুমারের প্রতিদ্বন্দ্বী ভ্যান হলেনও যুদ্ধের ইস্যুতে দলের মধ্যপন্থী নেতৃত্বকে ভোটারদের মনোভাব থেকে বিচ্ছিন্ন হিসেবে তুলে ধরছেন। জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে শুমারের তুলনায় ভ্যান হলেনের প্রতি সমর্থন প্রায় তিন গুণ বেশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ চান বেশির ভাগ মার্কিন নাগরিক

১

এবিসির ৮ টিভি স্টেশনের লাইসেন্স নিয়ে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ স্থগিত

২

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার ট্রাম্পের নতুন আদেশ আটকে দিলেন মার্কিন বিচারক

৩

যুক্তরাষ্ট্রে ৩ নেতাকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করল আইনশৃঙ্খলা বাহিনী

৪

যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ বৈধ অভিবাসীর মেডিকেয়ার সুবিধা বাতিল হচ্ছে

৫

মিশিগানে ব্যারিস্টার কামরুজ্জামান সেলিমকে গোয়াইনঘাট এসোসিয়েশনের সংবর্ধনা

৬

আদালতে হাজির হতে গিয়ে অভিবাসীরা আটক, আইসের বিরুদ্ধে ম্যাসাচুসেটসের মামলা

৭

বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

৮

থ্যাঙ্কসগিভিংয়ে ৮০০ গৃহহীনের জন্য পুরো হোটেল নিল ডেট্রয়েটের সংগঠন

৯

নিউইয়র্কে অভিবাসীদের আইনি সহায়তার হটলাইন এখন সপ্তাহে সাত দিন

১০

মিশিগানে জমকালো আয়োজনে রান্নাঘর রেস্টুরেন্টের উদ্বোধন

১১

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন

১২

ট্রাম্পকেয়ার’ চালুর প্রস্তাব, এল-সাইদের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

১৩

স্বাস্থ্যসেবা সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ট্রাম্প

১৪

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

১৫

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

১৬

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

১৭

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

১৮

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

১৯

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

২০