বাংলা সংবাদ ডেস্ক,
১৩ নভেম্বর ২০২৬, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউস ছাড়ার আগে নতুন দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের

একই সঙ্গে ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে কূটনৈতিক আলোচনা থেকেও সরে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর তাঁর প্রশাসনের নীতিতে এমন পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।দ্য হিউ হিউইট শো’তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ক্ষমতা ছাড়ার আগে তিনি কিউবার বিষয়টি সমাধান করতে চান। এ ক্ষেত্রে তাঁর প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। রুবিওর বাবা-মা কিউবা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছিলেন।কিউবায় সামরিক শক্তি প্রয়োগের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, দেশটির পরিস্থিতি নিয়ে তিনি কাজ করতে আগ্রহী। এ জন্য তাঁর প্রশাসনে উপযুক্ত ব্যক্তি রয়েছেন, তিনি মার্কো রুবিও। কিউবার সঙ্গে রুবিওর পারিবারিক সম্পর্ক থাকায় বিষয়টি নিয়ে তিনি আগ্রহী হবেন বলেও মনে করেন ট্রাম্প।

 

কিউবাকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়ে দেশটির পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ফ্লোরিডার কিউবান-আমেরিকান ভোটারদের সমর্থনের কথাও তুলে ধরেন তিনি। ট্রাম্পের দাবি, অতীতে ফ্লোরিডার কিউবান ভোটারদের ৯৪ শতাংশের সমর্থন পেয়েছিলেন তিনি। কিউবা থেকে যুক্তরাষ্ট্রে আসা এবং সেখানে দুর্ব্যবহারের শিকার হওয়া মানুষদের জন্যও পদক্ষেপ নিতে চান বলে জানান তিনি।সাক্ষাৎকারে উপস্থাপক হিউ হিউইট জানতে চান, কিউবায় এক সপ্তাহের সীমিত সামরিক অভিযান চালানোর অনুমোদন দিতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, এমন পদক্ষেপ বিবেচনা করতে তাঁর আপত্তি নেই।

 

এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়েও নতুন অবস্থানের কথা জানিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ধারাবাহিক পোস্টে তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা বন্ধ করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দিতে বলেছেন। বিশেষ করে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা অঙ্গরাজ্য ও শহরগুলোতে কথিত নির্বাচনী জালিয়াতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্পের ভাষ্য, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে শত শত কোটি ডলার এবং হরমুজ প্রণালি পেয়েছে।

 

ট্রাম্পের এ ঘোষণার পর নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস। এর প্রভাবে তেলের দাম বেড়েছে এবং শেয়ারবাজারে দরপতন হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ভ্যান্সের জন্য এ সিদ্ধান্ত ছিল আকস্মিক। কয়েক মাস ধরে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের আলোচক দলগুলোর নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। এমনকি কয়েক দিন আগেও ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি বিবেচনা করছিলেন ভাইস প্রেসিডেন্ট। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

মঙ্গলবার প্যারিসে জি-৭ সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা পুনরায় শুরু করা কিংবা কূটনৈতিক সমঝোতার চেষ্টা না করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এর পরিবর্তে ইরান সরকারকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার কৌশল নিয়েছেন তিনি। ইরানের পক্ষ থেকে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবও বারবার প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। রুবিও প্রস্তাবটিকে ‘আপত্তিকর, হাস্যকর ও অবাস্তব’ বলে মন্তব্য করেন।

 

এর আগে সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘কার্যত শেষ’। কাতার ও সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর অনুরোধে আপাতত ইরানে নতুন করে হামলার হুমকি থেকে বিরত থাকার কথাও জানান তিনি। তবে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ অব্যাহত রাখার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেন।তবে সংঘাত পুরোপুরি থেমে যায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, উপসাগরে দেশটির একটি তেলবাহী ট্যাংকারে হামলার পর চলতি সপ্তাহের শুরুতে কেশম দ্বীপেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, যুদ্ধের অর্থনৈতিক প্রভাব, বিশেষ করে জ্বালানির মূল্যবৃদ্ধি, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের অন্যতম কারণ। ওই নির্বাচনে দলটি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারায়। নির্বাচনের ফলাফল এবং যুদ্ধের রাজনৈতিক প্রভাব নিয়ে ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যেই ভিন্নমত জানিয়েছিলেন ভ্যান্স।

 

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভ্যান্স লিখেছিলেন, যুদ্ধের কারণেই নির্বাচনে রিপাবলিকান পার্টি হেরেছে। আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোর বিনিময়ে যুদ্ধ চালিয়ে যাওয়াকে কেউ যৌক্তিক মনে করলে তা প্রকাশ্যে বলতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। তবে দলটির পরাজয়ের কারণ সবারই জানা বলে উল্লেখ করেন ভ্যান্স।অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে নিজের অবস্থান আবারও স্পষ্ট করেছেন ট্রাম্প। যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে ভিন্ন কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল না বলেও জানিয়েছেন তিনি।

 

সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইট হাউস ছাড়ার আগে নতুন দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের

১

মার্কিন সিনেটের ইতিহাসে প্রথম, কোরআন ছুঁয়ে শপথ নেবেন মুসলিম সিনেটর

২

২০২৬ সালে যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বহিষ্কার

৩

ইরানের সঙ্গে সমঝোতা নয়, ভ্যান্সকে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগের নির্দেশ

৪

অভিবাসী কাফেলা বন্ধ না হলে মেক্সিকোর পণ্যে দ্বিগুণ শুল্ক: ট্রাম্প

৫

যুক্তরাষ্ট্রে স্ন্যাপ কর্মসূচিতে কঠোরতা, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে ৬৩ লাখ মানুষ

৬

সীমান্ত বন্ধের কৌশলে ইরানকে দুর্বল করতে পারছে না যুক্তরাষ্ট্র

৭

পাঁচ বছরে নিউইয়র্কের মেডিকেইড ব্যয় বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার

৮

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

৯

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

১০

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

১১

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

১২

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

১৩

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

১৪

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১৫

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

১৬

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

১৭

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

১৮

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

১৯

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

২০