যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী জালিয়াতির অভিযোগে গ্রিন কার্ডধারী ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ভারতীয় নাগরিক অমন্দীপ কৌর ও কমলেশ শাহ রয়েছেন। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন বিচার বিভাগ জানায়, অমন্দীপ কৌর (৩০) ও কমলেশ শাহ (৬৭)-এর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন এবং ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগ আনা হয়েছে। নির্বাচনী জালিয়াতির অভিযোগে অভিযুক্ত ২৮ জনের মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যালিফোর্নিয়াজুড়ে ভোরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ‘অপারেশন প্রোটেক্ট দ্য ভোট’ নামে এই অভিযানের লক্ষ্য ছিল নির্বাচনী জালিয়াতি প্রতিরোধ, এ ধরনের অপরাধ দমন এবং নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা রক্ষা। তবে গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে ভারতীয় দুই নাগরিক রয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি
বিচার বিভাগের তথ্য অনুযায়ী, স্যাক্রামেন্টোর বাসিন্দা কমলেশ শাহ ২০২৪ সালের নভেম্বরে সাধারণ নির্বাচনের দিন প্রতারণার মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করে ওই দিনই ভোট দেন। অন্যদিকে, র্যাঞ্চো পালোস ভার্দেসের বাসিন্দা অমন্দীপ কৌর বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন। তিনি ২০২২ সালের ডিসেম্বরে প্রতারণার মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করেন এবং ২০২৪ সালের নভেম্বরে নির্বাচনে ভোট দেন বলে অভিযোগ করা হয়েছে।
বিচার বিভাগ বলেছে, মামলায় অভিযুক্ত ২৮ জনই বিদেশি নাগরিক এবং যুক্তরাষ্ট্রে বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন। তাঁদের গ্রিন কার্ড রয়েছে। গ্রিন কার্ডধারীরা যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের অনুমতি পেলেও নাগরিক না হওয়ায় ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার অধিকার তাঁদের নেই।
অভিযুক্তদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার আবেদনে মিথ্যা তথ্য দেওয়া এবং কয়েকজনের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধনের অভিযোগ আনা হয়েছে। এসব অপরাধের জন্য সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ফেডারেল কারাদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ট্রেন্ট ম্যাককটার বলেন, অভিযুক্ত ২৮ জনের নাম ২০ হাজারের বেশি সম্ভাব্য অ-মার্কিন নাগরিক ভোটার নিবন্ধিত ব্যক্তির তালিকায় রয়েছে। গত সপ্তাহে ওই তালিকা ক্যালিফোর্নিয়ার নির্বাচনী কর্মকর্তাদের দেওয়া হয়েছিল।
বিচার বিভাগ জানিয়েছে, চলতি বছরে এর আগে বিভিন্ন ধরনের নির্বাচনী অনিয়মের অভিযোগে প্রায় ৯০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁদের মধ্যে ৫০ জনের বিরুদ্ধে অ-মার্কিন নাগরিক হয়েও ভোট দেওয়ার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় দেশটিতে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ২২ কোটি ৭০ লাখের বেশি।
মন্তব্য করুন