বাংলা সংবাদ ডেস্ক
১ অক্টোবর ২০২৬, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।

 

সম্পূর্ণ বাংলায় দেওয়া তাঁর এই প্রথম জাতিসংঘ ভাষণ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও আন্তর্জাতিক কূটনীতিতে নতুন দিগন্তের উন্মোচনের পাশাপাশি জাতিসংঘের ইতিহাসেও এক বিরল অধ্যায় রচনা করেছে জাতিসংঘ সাধারণ পরিষদের ইতিহাসে এর আগে কখনো একই পরিবারের তিন সদস্য- বাবা, মা ও ছেলে- রাষ্ট্র বা সরকার প্রধান হিসেবে সাধারণ পরিষদে ভাষণ দেননি। পারিবারিক সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব দরবারে নিজের মাতৃভাষায় কোটি কোটি বাংলাদেশির আশা-আকাঙ্ক্ষা, মানবাধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক চেতনার কথা তুলে ধরেছেন।

 

নিউইয়র্ক সময় বিকেলে সাধারণ পরিষদ হলে তিনি এ ভাষণ দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের  সভাপতিকে ভাষণে সম্বোধন করে বলেন, ‘জাতিসংঘের এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে এই মুহূর্তে আজ আমি কিছুটা স্মৃতিকাতর।  এই বিশ্বমঞ্চে দাঁড়িয়েই আমার পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমার মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দেশ এবং জনগণের পক্ষে ভাষণ দিয়েছিলেন। একইভাবে আজ আমিও আমার দেশ এবং জনগণের স্বার্থের পক্ষে এবং একটি শান্তিময় বিশ্ব সমাজের প্রত্যাশায় এখানে দাঁড়িয়েছি।’

 

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারসমূহ তুলে ধরেন। এতে জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক বিষয়াবলি এবং রোহিঙ্গা সংকটের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জাতিসংঘ সাধারণ পরিষদে তারেক রহমানের এই ভাষণ তাঁর পরিবারের সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের চার দশকেরও বেশি সময়ের সম্পৃক্ততার একটি নতুন অধ্যায় যুক্ত করেছে।

 

তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবারের প্রথম সদস্য হিসেবে ১৯৮০ সালের ২৬ আগস্ট সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন। ওই ভাষণে জিয়াউর রহমান ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান, দারিদ্র‍্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেছিলেন। এছাড়া তিনি শান্তি, মানবিক মর্যাদা, ন্যায়বিচার এবং দেশগুলোর পারস্পরিক দায়িত্ববোধের ওপর ভিত্তি করে একটি বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান।

 

এর তেরো বছর পর, ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মা ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভাষণ দেন। জাতিসংঘের নথিপত্র অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে তিনি মোট পাঁচবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। এছাড়া খালেদা জিয়া ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ সভা, ২০০২ সালে শিশু বিষয়ক ২৭তম বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালে ৬০তম অধিবেশন চলাকালীন দুটি পৃথক সভায় ভাষণ দিয়েছিলেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে অভিবাসী ধরপাকড়ে নতুন উদ্বেগ, আইসের হেফাজতে ৮ বছরের শিশু

১

হোয়াইট হাউস ছাড়ার আগে নতুন দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের

২

মার্কিন সিনেটের ইতিহাসে প্রথম, কোরআন ছুঁয়ে শপথ নেবেন মুসলিম সিনেটর

৩

২০২৬ সালে যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বহিষ্কার

৪

ইরানের সঙ্গে সমঝোতা নয়, ভ্যান্সকে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগের নির্দেশ

৫

অভিবাসী কাফেলা বন্ধ না হলে মেক্সিকোর পণ্যে দ্বিগুণ শুল্ক: ট্রাম্প

৬

যুক্তরাষ্ট্রে স্ন্যাপ কর্মসূচিতে কঠোরতা, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে ৬৩ লাখ মানুষ

৭

সীমান্ত বন্ধের কৌশলে ইরানকে দুর্বল করতে পারছে না যুক্তরাষ্ট্র

৮

পাঁচ বছরে নিউইয়র্কের মেডিকেইড ব্যয় বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার

৯

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১০

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

১১

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

১২

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

১৩

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

১৪

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

১৫

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১৬

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

১৭

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

১৮

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

১৯

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

২০