যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কর্তব্যরত অবস্থায় বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।
২৯ জুলাই দুপুরে নিউইয়র্কের ব্রঙ্কসে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’ নামের সড়কের নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। বৃষ্টিস্নাত পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির উচ্চপদস্থ কর্মকর্তা, নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সদস্য, দিদারুল ইসলামের পরিবারের সদস্য এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিস। তিনি দিদারুল ইসলামের সাহসিকতা ও পেশাদারিত্বের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এই সড়ক এখন থেকে এমন একজন মানুষের নাম বহন করবে, যিনি নিউইয়র্ককে নিজের শহর হিসেবে গ্রহণ করেছিলেন এবং সেই শহরকে রক্ষা করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, দিদারুল ইসলাম ছিলেন এমন একজন পুলিশ কর্মকর্তা, যাঁর মতো সহকর্মী প্রত্যেক কমান্ডিং অফিসার পেতে চান।
দিদারুল ইসলাম নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ২০২৫ সালের ২৮ জুলাই ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ের একটি বহুতল ভবনে বন্দুকধারীর হামলার সময় হামলাকারীকে প্রতিহত করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। মৃত্যুর পর তাঁর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড পদে মরণোত্তর পদোন্নতি দেওয়া হয়।
দিদারুল ইসলামের ছোট বোনের স্বামী এবং এনওয়াইপিডির গোয়েন্দা কর্মকর্তা কামরুল হাসান পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ব্রঙ্কস বরোর পার্চেস্টার এলাকার বিচ অ্যাভিনিউ ও ইস্ট ১৭২ স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত সড়কটির নামকরণ করা হয়েছে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’। বাংলাদেশি অধ্যুষিত ওই এলাকায় এই প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির নামে সড়কের নামকরণ হলো।
দিদারুল ইসলামের নামে সড়কের নামকরণকে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায় তাঁর বীরত্ব, আত্মত্যাগ এবং জনসেবার প্রতি নিউইয়র্ক সিটির আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দেখছেন।
মন্তব্য করুন