যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জুন উডসাইডের গুলশান টেরেসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারমিন সিরাজ সোনিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এম আজিজ। প্রধান নির্বাচন কমিশনার মির্জা মনিরুজ্জামান শামীম ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কার্যকরী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। পরে সভাপতি হিসেবে কাজী এম আর খান সেলিম এবং সাধারণ সম্পাদক হিসেবে মাসুদ রানা তপন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে মুন্সিগঞ্জ ও বিক্রমপুর অঞ্চলের বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে তারা প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও শৈশব, স্মৃতি ও নিজ এলাকার প্রতি আবেগকে নতুনভাবে অনুভব করেন। বক্তারা বলেন, এ আয়োজন কেবল একটি সাংগঠনিক অভিষেক নয়; বরং প্রবাসে বসবাসরত মুন্সিগঞ্জ-বিক্রমপুরবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও মাতৃভূমির সঙ্গে আবেগঘন বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি প্রয়াস।
অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও তুলে ধরা হয়। জানানো হয়, মুন্সিগঞ্জ জেলার ছয়টি থানার কোনো প্রবাসী সদস্য মৃত্যুবরণ করলে তার কাফন ও দাফনের সম্পূর্ণ ব্যয় বহনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নিউইয়র্কে নিজস্ব অর্থায়নে ‘বিক্রমপুর ভবন’ নির্মাণের পরিকল্পনার ঘোষণাও দেওয়া হয়।
অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, অটর্নি মঈন চৌধুরী, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু, নোয়াখালী সোসাইটির সাধারণ সম্পাদক এএসএম মাইনুদ্দিন পিন্টু, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি জে এফ এম রাসেলসহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সহযোগিতা ও সামাজিক কর্মকাণ্ডকে আরও বেগবান করার আহ্বান জানান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন