লাল পলাশের দেশ
শাকেরা বেগম শিমু
সোনার গাঁয়ের মেটোপথে জারুল ফুলের মেলা,
লাল পলাশের বনের মাঝে ফিঙে-টিয়ের খেলা|
মাঠের বুকে সবুজ ধানে মন মাতানো ঢেউ,
শালিক দোয়েল নৃত্য করে দেখলো নাতো কেউ|
রক্তরাঙা শিমুল দোলে বৃক্ষের উঁচু ডালে,
শাপলা, কমল, শালুক ফোটে বিলে, নদী, খালে|
হিজল বনে হাসছে দেখো রাঙা হিজল ফুল,
নদীর কূলে ঝরে পড়ে রাঙায় নদীর কূল|
বনের ফুল ঐ ঝুমকো জবা আলতা মেখে গায়,
খেলছে প্রজাপতির সাথে পাতার নুপুর পায়|
ফুলের রাণী রক্তগোলাপ ছড়ায় মধুর ঘ্রাণ,
রূপ ও গন্ধে নয়ন জুড়ায়, মন করে আনচান|
ফাগুন এলে কৃষ্ণচূড়া রাধাচূড়ার ডালে,
মন মাতানো আগুন লাগে, নাচে হাওয়ার তালে|
দেশরাণী রোজ সাজে হাজার পুষ্প গুঁজে কেঁশে,
দেখবে তুমি আসলে কভূ লাল পলাশের দেশে|
মন্তব্য করুন