রক্ত মানবদেহের সবচেয়ে মূল্যবান উপাদানগুলোর একটি। হাসপাতালের জরুরি বিভাগের বাইরে উদ্বিগ্ন কিছু মানুষ অপেক্ষা করেন নিয়মিত। কারও চোখে অশ্রু, কারও মুখে নীরব আতঙ্ক। ভেতরে মৃত্যুর সঙ্গে লড়ছে একজন মানুষ; তার বেঁচে থাকার জন্য প্রয়োজন মাত্র এক ব্যাগ রক্ত। হয়তো সেই রক্তটুকু সময়মতো পেলে ফিরে আসবে একটি পরিবারের হাসি, বেঁচে যাবে কারও বাবা, মা, সন্তান কিংবা প্রিয় মানুষটি। আর না পেলে নিভে যেতে পারে একটি তাজা প্রাণ, থেমে যেতে পারে অসংখ্য স্বপ্নের পথচলা।
এমন দৃশ্য প্রতিদিনই ঘটছে আমাদের চারপাশে। অথচ একজন সুস্থ মানুষের সামান্য কিছু সময়, একটু সচেতনতা আর মানবিক উদ্যোগই হতে পারে অন্য একজন মানুষের নতুন জীবনের কারণ। তাই রক্তদান শুধু একটি চিকিৎসাসেবা নয়; এটি মানবতার সবচেয়ে সুন্দর প্রকাশ, এক নিঃস্বার্থ ভালোবাসার নাম।
এক ব্যাগ রক্ত মানে শুধু কয়েকশ মিলিলিটার তরল নয়। এটি একজন মায়ের বুকফাটা কান্না থামিয়ে দেওয়া, একটি শিশুকে এতিম হওয়ার হাত থেকে রক্ষা করা কিংবা কোনো অসহায় রোগীর চোখে আবার বেঁচে থাকার স্বপ্ন ফিরিয়ে দেওয়া। তাই রক্তদানকে যথার্থই বলা হয়— “জীবন দান”।

মানবসভ্যতার ইতিহাসে মানুষ মানুষের পাশে দাঁড়ানোর যে মহৎ উদাহরণগুলো সৃষ্টি করেছে, স্বেচ্ছায় রক্তদান তার অন্যতম। এখানে নেই কোনো প্রতিদানের আশা, নেই পরিচয় বা ধর্মের বিভেদ; আছে শুধু মানবতার হাতছানি। একজন অচেনা মানুষ আরেকজন অচেনা মানুষের শরীরে নিজের রক্ত প্রবাহিত করে জীবন বাঁচিয়ে দেন। এর চেয়ে বড় মানবিকতা আর কী হতে পারে!
তবুও দুঃখজনকভাবে আমাদের সমাজে এখনো রক্তদান নিয়ে নানা ভয় ও ভুল ধারণা বিদ্যমান। অনেকেই মনে করেন, রক্ত দিলে শরীর দুর্বল হয়ে যায় কিংবা স্থায়ী কোনো ক্ষতি হয়। বাস্তবে চিকিৎসাবিজ্ঞান বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। একজন সুস্থ মানুষ নির্দিষ্ট সময় পরপর নিরাপদভাবে রক্ত দিতে পারেন এবং শরীর খুব দ্রুত সেই ঘাটতি পূরণ করে নেয়। বরং নিয়মিত রক্তদাতারা স্বাস্থ্যসচেতন হয়ে ওঠেন এবং তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও হয়।
বিশেষজ্ঞদের মতে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি সাধারণত প্রতি তিন থেকে চার মাস পরপর রক্ত দিতে পারেন। রক্তদান একজন নয়, অনেক সময় তিনজন মানুষের জীবনও বাঁচাতে পারে। কারণ রক্তের বিভিন্ন উপাদান আলাদা করে ভিন্ন রোগীর চিকিৎসায় ব্যবহার করা হয়।
বর্তমান সময়ে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কথা বিশেষভাবে উল্লেখ করা জরুরি। এসব শিশুর বেঁচে থাকার একমাত্র ভরসা নিয়মিত রক্ত গ্রহণ। দেশের অসংখ্য পরিবার প্রতিমাসে রক্তের জন্য হাহাকার করে। একটি ব্যাগ রক্তের অভাবে অনেক শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ে। একটু মানবিকতা, একটু সচেতনতা আর নিয়মিত রক্তদানের অভ্যাস তাদের জীবনে স্বস্তি এনে দিতে পারে।
ইসলামের দৃষ্টিতেও রক্তদান অত্যন্ত মহৎ ও সওয়াবের কাজ। ইসলাম মানবজীবনের মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন,
“যে ব্যক্তি একটি প্রাণ বাঁচালো, সে যেন সমগ্র মানবজাতিকে বাঁচালো।” — (সূরা মায়িদা: ৩২)
এই আয়াত আমাদের শেখায়, মানুষের জীবন রক্ষা করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি কাজ। একজন রক্তদাতা যখন নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচান, তখন তিনি শুধু মানবিক দায়িত্বই পালন করেন না, বরং মহান আল্লাহর সন্তুষ্টিও অর্জন করেন।
প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন,
“মানুষের মধ্যে সেই ব্যক্তিই উত্তম, যে মানুষের উপকার করে।”
রক্তদান সেই উপকারের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। এটি এমন এক দান, যা অর্থসম্পদ দিয়ে সবসময় সম্ভব হয় না। অনেক ধনী মানুষও প্রয়োজনের মুহূর্তে রক্তের অভাবে অসহায় হয়ে পড়েন। কারণ রক্ত কোনো কারখানায় তৈরি হয় না; মানুষের রক্তই পারে আরেকজন মানুষের জীবন বাঁচাতে।
বর্তমানে দেশের তরুণ সমাজ রক্তদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্লাড ব্যাংকের মাধ্যমে অসংখ্য তরুণ দিন-রাত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। গভীর রাতে হাসপাতালের জরুরি বিভাগে ছুটে যাওয়া, অচেনা রোগীর জন্য রক্ত সংগ্রহ করা কিংবা নিজের রক্ত দিয়ে জীবন বাঁচানো— এসব মানবিক উদ্যোগ সত্যিই আশাব্যঞ্জক।
তবে শুধু বিশেষ দিবস কিংবা আবেগের মুহূর্তে নয়, রক্তদানকে একটি নিয়মিত সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন— সব জায়গা থেকেই রক্তদানে সচেতনতা তৈরি করা জরুরি। পরিবার থেকেই সন্তানদের মানবিক শিক্ষা দিতে হবে, যাতে তারা বড় হয়ে মানুষের পাশে দাঁড়াতে শেখে।
আমাদের মনে রাখতে হবে, আজ আপনি কারও জন্য রক্ত দিচ্ছেন, কাল হয়তো আপনার প্রিয়জনের জন্য অন্য কেউ এগিয়ে আসবে। মানবতা ঠিক এভাবেই টিকে থাকে; একজনের সহমর্মিতা আরেকজনের জীবনের আলো হয়ে ওঠে।
একটি ব্যাগ রক্ত হয়তো আপনার শরীর থেকে কয়েক মিনিটে বেরিয়ে যায়, কিন্তু সেই রক্ত কারও জীবনে ফিরিয়ে আনে বহু বছরের স্বপ্ন, ভালোবাসা আর বেঁচে থাকার আকাঙ্ক্ষা। পৃথিবীতে অনেক মানুষ অর্থ দিয়ে সাহায্য করতে পারে, কিন্তু জীবন বাঁচানোর ক্ষমতা সবার থাকে না। সেই সৌভাগ্য আল্লাহ কিছু মানুষের হাতেই তুলে দেন, যারা নিঃস্বার্থভাবে অন্যের জন্য রক্ত দেন।
তাই আসুন, নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করি, অন্যকেও উৎসাহিত করি। কারণ, পৃথিবী তখনই সবচেয়ে সুন্দর হয়ে ওঠে, যখন একজন মানুষের শরীরে আরেকজন মানুষের দেওয়া রক্ত প্রবাহিত হয়ে নতুন জীবনের স্পন্দন জাগায়।
মন্তব্য করুন